একই ট্রাক, তিন নম্বর প্লেট! দুর্গাপুরে হাতেনাতে ধরা পড়ল ‘জালিয়াতি’
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: একটি পণ্যবাহী ট্রাক, কিন্তু তার নম্বর প্লেট তিনটি! শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ট্রাকে ভিন রাজ্যের জাল নম্বর প্লেট লাগানোর সময় চালককে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও ট্রাফিক নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল করে। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক এদিন সকালে লক্ষ্য করেন, এক ট্রাক চালক গাড়ির আসল নম্বর প্লেটটি খুলে ভিন রাজ্যের একটি অন্য নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় তিনি চিৎকার করে আশপাশের লোকেদের ডাকেন। মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে ঘিরে ফেলেন।স্থানীয়দের দাবি, আটক করার পর তল্লাশি চালাতেই ট্রাকটি থেকে মোট তিনটি নম্বর প্লেট উদ্ধার হয়। এর মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ভুয়া বলে অভিযোগ। উত্তেজিত জনতা চালককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, এলাকায় ট্রাকের বেপরোয়া গতি নিয়ে এমনিতেই ক্ষোভ ছিল, তার ওপর এই ‘নম্বর জালিয়াতি’র ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক দাবি করেছেন, ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা এড়াতেই তিনি নম্বর প্লেট বদলে ফেলছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।মুচিপাড়া সাব-ট্রাফিকের এক আধিকারিক জানিয়েছেন, একটি গাড়িতে একাধিক বা ভিন্ন নম্বর প্লেট ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এই ট্রাকটি কোনো অসামাজিক কাজ বা বড়সড় পাচারের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
