নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আগে শিল্পাঞ্চলে বড়সড় ভাঙন ধরাল শাসকদল। সিপিআইএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় একশো জন সমর্থক। শুক্রবার দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির শালবাগান এলাকায় আয়োজিত এক কর্মীসভায় এই দলবদল ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
এ দিন বেনাচিতির সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন পুরমাতা দিপালী মন্ডল এবং দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী এবং দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব-সহ স্থানীয় নেতৃত্ব।
তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দাবি, তাঁরা কোনো চাপের মুখে নয়, বরং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও রাজ্যের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই আমরা সিপিআইএম ছেড়ে তৃণমূলে সামিল হলাম।”
বিধানসভা ভোটের আগে ঘর গুছিয়ে নিতে তৃণমূল যখন মরিয়া, তখন সিপিআইএমের এই ভাঙন দুর্গাপুরের রাজনৈতিক সমীকরণে বাড়তি গুরুত্ব পাচ্ছে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষ এখন উন্নয়নের পক্ষে, আর এই দলবদল তারই প্রতিফলন। অন্যদিকে, সিপিআইএম শিবির অবশ্য এই বিষয়টিকে বিশেষ আমল দিতে নারাজ। তাদের দাবি, এতে সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না।