নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই চড়ছে রাজনীতির পারদ। এবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়া এলাকা। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানপাড়া এলাকায় বিজেপির একটি ‘সংকল্প সভা’র প্রস্তুতি চলছিল। অভিযোগ, শনিবার রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ওই এলাকায় লাগানো তৃণমূলের একাধিক দলীয় পতাকা খুলে পার্শ্ববর্তী নর্দমায় ফেলে দেয়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, সংকল্প সভার আগে এলাকায় আতঙ্ক ছড়াতে এবং উস্কানি দিতেই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে।ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন। পল্লব নাগ বলেন, “তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘণ্টার মধ্যে এর প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাসী নই। যারা আমাদের দলের পতাকাকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, এটি তৃণমূলের নিজস্ব গোষ্ঠী কোন্দলের ফল। তিনি পাল্টা তোপ দেগে বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন ধারাবাহিক রূপ নিয়েছে। নিজেদের কোন্দল ঢাকতেই পতাকা নর্দমায় ফেলে এখন বিজেপির নামে দোষ চাপানো হচ্ছে। সাধারণ মানুষের সামনে উত্তেজনা তৈরি করা তৃণমূলের দীর্ঘদিনের কালচার।”

ঘটনার পর থেকে ধান্ডাবাগ বাগানপাড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ না ঘটে, তার জন্য পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। তবে নির্বাচনের আগে এই ‘পতাকা বিতর্ক’ শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *