নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর:* বৈশাখ পড়তেই স্বমহিমায় অবতীর্ণ প্রকৃতি। দক্ষিণবঙ্গ জুড়ে এখন যেন আগুনের হলকা। বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। চাতক পাখির মতো বঙ্গবাসী এখন শুধুই বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। আজ সপ্তাহের প্রথম দিন, সোমবারও সেই চেনা ছবি— ঘাম আর অস্বস্তিতে নাজেহাল জনজীবন।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
মঙ্গলবার ও বুধবার এই অস্বস্তি চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মাঝে আশার আলো বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আজ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। নদিয়াতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
দক্ষিণের যখন ত্রাহি ত্রাহি দশা, উত্তরবঙ্গ তখন কিছুটা হলেও স্বস্তিতে। দার্জিলিং-সহ উপরের পাঁচটি জেলায় আজ ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। আলিপুর জানাচ্ছে, উত্তরের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি বাড়তে পারে, তবে পাহাড়ের জেলাগুলিতে বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা বাড়ার সুযোগ পাবে না।
দক্ষিণবঙ্গ এ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার আগে মঙ্গলবার ও বুধবার শুকনো এবং চরম অস্বস্তিকর আবহাওয়া।অন্যদিকে উত্তরবঙ্গ আজ বৃষ্টির দাপট বেশি থাকলেও মঙ্গলবার ও বুধবার কিছুটা কমবে। বৃহস্পতিবার থেকে ফের দফায় দফায় বৃষ্টি।সব মিলিয়ে, উত্তর যখন বর্ষাতি বের করার প্রস্তুতিতে ব্যস্ত, দক্ষিণবঙ্গ তখন এসি আর হাতপাখার আশ্রয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বৃষ্টির এই অসম বণ্টন কতদিন চলে, এখন সেটাই দেখার।