নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর:চাকরি ছাঁটাইয়ের অভিযোগে দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপির অভিযোগ, কারখানার কর্মী রবীন্দ্রনাথ ঘোষকে রাজনৈতিক পরিচয়ের কারণে কাজ থেকে বসানো হয়েছে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথ ঘোষ দলের বুথ সভাপতি এবং বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই তাঁকে ছাঁটাই করা হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজ্যে বিরোধী দলের কর্মীদের উপর ধারাবাহিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে, এই ঘটনাও তারই উদাহরণ।বিক্ষোভকারীরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে রবীন্দ্রনাথ ঘোষকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রভাবেই এই ছাঁটাই করা হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, রবীন্দ্রনাথ ঘোষ ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে কারখানায় কাজের অভাব থাকায় তাঁকে সাময়িকভাবে বসানো হয়েছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলে স্পষ্ট দাবি করেন তাঁরা।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে রাজনৈতিক চাপানউতোরের জেরে শিল্প এলাকায় ফের উত্তেজনা তৈরি হওয়ায় চিন্তায় প্রশাসন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *