শুভেন্দুকে হেনস্তার প্রতিবাদে, দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারংবার হেনস্তা ও আক্রমণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের মুচিপাড়া এলাকা। আজ বিকেলে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মীরা। এর জেরে ওই ব্যস্ততম রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়।প্রায় ২০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ কর্মসূচি।
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত হয়।অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ও তীব্র বচসা বাধে।বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় পুলিশ ও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যে, কেন বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ বা হেনস্তার ঘটনা ঘটছে, পুলিশকে তার স্পষ্ট জবাব দিতে হবে। এই ধরনের ঘটনা চলতে থাকলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বার্তাও দেয় জেলা বিজেপি নেতৃত্ব।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলে জাতীয় সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বজায় ছিল।
উল্লেখ্য গতকাল পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে রাত ৮টা ২০ মিনিট নাগাদ চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। রাস্তার একধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে কয়েকজন দাঁড়িয়েছিলেন। শুভেন্দুর গাড়ি যাওয়ার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, হামলাকারীদের সঙ্গে পেট্রল, ডিজেল ছিল। গাড়ি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগও তুলেছেন তিনি।বিরোধী দলনেতার অফিস থেকেও ঘটনার ৫টি ভিডিয়ো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে।বিধানসভার বিরোধী দলনেতা ইতিমধ্যে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। আগামী ১৩ জানুয়ারি চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলে সামিল হবেন বলেও তিনি জানিয়েছেন।
