আইপ্যাক অফিসে ইডির হানা: প্রতিবাদে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: আইপ্যাক (I-PAC) অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের পর বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তাল হয়ে ওঠে শিল্পাঞ্চল দুর্গাপুর।
এদিন দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, এসআইআর (SIR)-এর মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ব্যর্থ হওয়ার পর এখন ইডি ও সিবিআই-কে লেলিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন,”আইপ্যাকের দফতর ও প্রধানের বাড়ি থেকে আসলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি চুরির চেষ্টা করছে বিজেপি।
মন্ত্রী স্পষ্ট জানান, ইডি-সিবিআই দিয়ে বাংলাকে দখল করা যাবে না। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে।
উল্লেখ্য আইপ্যাক অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে শুরু হওয়া এই রাজনৈতিক সংঘাত এখন কেবল কলকাতা নয়, বরং জেলা স্তরেও ছড়িয়ে পড়ছে, যার প্রভাব ২০২৬-এর নির্বাচনে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
