নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুণ্যতিথি ঘনিয়ে আসলেও বীরভূমের জয়দেব ও পশ্চিম বর্ধমানের কাঁকসাকে সংযোগকারী অজয় নদে মেলেনি অস্থায়ী সেতুর দেখা। এরই প্রতিবাদে বুধবার সকালে চরম উত্তেজনা ছড়াল কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও অস্থায়ী সেতু নির্মাণের বিষয়ে কোনো হেলদোল নেই। ঘটনার বিবরণে প্রকাশ বুধবার সকাল থেকেই নবগ্রাম এলাকায় অজয় নদের সংযোগকারী জয়দেব সেতুর ওপর বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করেন কয়েকশ স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি, অবিলম্বে নদের ওপর যাতায়াতের জন্য অস্থায়ী ‘কজওয়ে’ বা কাঠের সেতু তৈরি করতে হবে। বিক্ষোভের তীব্রতা বোঝাতে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এর ফলে দুই জেলার (পশ্চিম বর্ধমান ও বীরভূম) মধ্যে যাতায়াতকারী সমস্ত যানবাহন দাঁড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ , পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত জয়দেব কেন্দুলি মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। অস্থায়ী সেতু না থাকায় মেলাপ্রাঙ্গণে পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে আসতে হয়, যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর। প্রতি বছর মেলার আগে টালবাহানা চলে। এবারও মেলার সময় ঘনিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পারাপারের ব্যবস্থা না থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন, যা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে।স্থানীয় গ্রামবাসীরা বলেন “যতক্ষণ না পর্যন্ত প্রশাসন সেতু তৈরির লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ আমরা এই অবরোধ তুলব না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।” ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজিত জনতা নিজেদের দাবিতে অনড় থাকায় দীর্ঘক্ষণ এলাকা উত্তপ্ত থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। Share Post Whatsapp Share Post navigation ভোটার তালিকায় নাগরিকত্ব যাচাই সাংবিধানিক দায়িত্ব, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন