দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক: মুহুর্মুহু তল্লাশিতে পুলিশ ও বোম স্কোয়াড

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
মঙ্গলবার দুপুরে আচমকাই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। ঘটনার জেরে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি গোটা আদালত ভবন খালি করার নির্দেশ দেয় প্রশাসন।
এদিন কাজ চলাকালীন হঠাৎই খবর আসে যে আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। খবরটি জানাজানি হতেই আদালত কক্ষ থেকে শুরু করে বার লাইব্রেরি— সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ তৎক্ষণাৎ আইনজীবী, বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষকে আদালত ভবন থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়।
খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় জানান:”বোমাতঙ্কের খবর পাওয়ামাত্র আমরা সুরক্ষাবিধি মেনে গোটা ভবন খালি করার কাজ শুরু করেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে।”

বর্তমানে পুলিশ পুরো আদালত চত্বর ঘিরে রেখেছে। বিশেষজ্ঞ দল দিয়ে প্রতিটি কোণ তল্লাশি করা হচ্ছে। আদালতের সমস্ত বিচারবিভাগীয় কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কে বা কারা এই আতঙ্কের নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের প্রাণকেন্দ্রে এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ত্রাস সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *