সঙ্কেত ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে অবসান ঘটল বাংলার ভোটার তালিকা সংশোধন ও বিশেষ যাচাই পর্ব (SIR) নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েন। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামী ২৮ ফেব্রুয়ারিতেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে, যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকার কারণে কাজ থামিয়ে রাখা হবে না। আদালত জানিয়েছে, বর্তমানে প্রায় ৮০ লক্ষ ভোটার সম্পর্কিত তথ্য ও আপত্তির যাচাই বাকি রয়েছে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। ২২০ জন বিচার বিভাগীয় অফিসার এই কাজ করছেন, তবে যেহেতু দৈনিক ২৫০টি কেস নিষ্পত্তি হলেও প্রায় ৮০ দিন সময় লাগবে, তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অন্তত ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজদের এই কাজে নিয়োগ করা যাবে। প্রয়োজনে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় অফিসারদের আনা যাবে, এবং তাঁদের যাতায়াত ও থাকার খরচ নির্বাচন কমিশন বহন করবে। আদালত আরও জানিয়েছে, চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হলেও যাচাই প্রক্রিয়া নির্বাচনের শেষ দিন পর্যন্ত চলতে পারে। এই সময়কালে যাঁদের নাম যাচাই হবে, তাঁদের জন্য নিয়মিত ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। এছাড়া, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট বৈধ প্রমাণ হিসেবে গণ্য হবে। এছাড়া, যদি পোর্টাল ক্রাশ বা যান্ত্রিক গোলযোগের কারণে অনলাইনে নথি আপলোড না করা যায়, তবে সরাসরি নথি জমা দিলেও তা গ্রহণযোগ্য হবে। নথিপত্র গ্রহণের দায়ভার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ওপর থাকবে। এই রায়ের ফলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে, আইনি বা প্রশাসনিক কোনো জটিলতা নির্বাচনী ক্যালেন্ডার ব্যাহত করবে না এবং ভোটার তালিকা সংশোধনের কাজ “যুদ্ধকালীন তৎপরতায়” সম্পন্ন করা হবে। Share Post Whatsapp Share Post navigation রাজ্যজুড়ে আদালতের নিরাপত্তা বিঘ্নিত: কলকাতা থেকে দুর্গাপুর, সর্বত্র বোমাতঙ্ক ও ‘উড়ো ফোনে’র ছায়া বার কাউন্সিল নির্বাচনের প্রচারে দুর্গাপুরে মলয় ঘটক, আইনজীবীদের সমস্যা সমাধানের আশ্বাস