নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:ভোটের বাদ্যি বাজার সময় থেকেই শিল্পাঞ্চলের পারদ চড়ছিল। এবার শেষ লগ্নের প্রচারে বাড়তি গ্ল্যামার যোগ করল বিজেপি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার পথে নামলেন টলিউড অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিদায়ী সাংসদ তথা বিজেপির বর্ষীয়ান নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
এ দিন কাঁকসার আড়া শিব মন্দির থেকে বর্ণাঢ্য এক রোড-শোর সূচনা হয়। হুডখোলা গাড়িতে প্রার্থীর পাশে দাঁড়িয়ে জনতাকে অভিবাদন জানান দেবস্মিতা। মিছিলটি বাঁশকোপা এলাকায় গিয়ে শেষ হয়। রাস্তার দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী দেবস্মিতার উপস্থিতি যেমন তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল, তেমনই আলুওয়ালিয়াকে দেখতেও ভিড় জমান স্থানীয়দের একাংশ।
প্রচারের ফাঁকে দেবস্মিতা বলেন, “মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করছি। পরিবর্তনের হাওয়া যে বইছে, তা সাধারণ মানুষের চোখেমুখেই স্পষ্ট।” অন্যদিকে, দলীয় কর্মীবাহিনীর এই সক্রিয়তায় জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনাল প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে।
বিজেপি নেতৃত্বের দাবি, শিল্পাঞ্চলের মানুষ উন্নয়নের নিরিখে এবার পদ্ম শিবিরকেই বেছে নেবেন। তবে প্রতিপক্ষ তৃণমূলের পালটা দাবি, ‘বাইরে থেকে লোক এনে’ ভিড় বাড়ানো গেলেও মানুষের মন জয় করা সম্ভব নয়। ভোটের লড়াইয়ে কার দিকে পাল্লা ভারী, তার উত্তর এখন ইভিএম-বন্দি হওয়ার অপেক্ষায়।