বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর: পয়লা জুনের পয়মন্ত সকালে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য। আজ, সোমবার সকাল থেকেই সরকারি বাসে সফর করার জন্য মহিলাদের আর কোনো টিকিট কাটতে হচ্ছে না। রাজ্য সরকারের নয়া ঘোষণায় আজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন নারী শক্তি। দুর্গাপুর-সহ রাজ্যজুড়ে ইতিমধ্যেই কার্যকর হয়েছে এই নির্দেশিকা। সপ্তাহের প্রথম কাজের দিনেই সরকারের এই জনমুখী সিদ্ধান্তের সুফল পেতে শুরু করেছেন নিত্যযাত্রী মহিলারা।
পরিবহন দফতর সূত্রে খবর, এই পরিষেবা পেতে মহিলা যাত্রীদের শুধু একটি সরকার অনুমোদিত বৈধ পরিচয়পত্র (যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড) সঙ্গে রাখতে হবে। বাসে উঠে কন্ডাক্টরকে সেই পরিচয়পত্র দেখালেই মিলছে ‘জিরো ভ্যালু’ অর্থাৎ শূন্য মূল্যের টিকিট।
### এক নজরে নতুন নিয়ম:
পরিষেবা চালু: ১ জুন, সোমবার থেকে।
যোগ্যতা: সমস্ত মহিলা যাত্রী।
প্রয়োজনীয় নথি:সরকার অনুমোদিত যেকোনো বৈধ পরিচয়পত্র।
টিকিট প্রক্রিয়া:কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে ‘জিরো ভ্যালু টিকিট’ দেবেন।

স্বস্তির নিঃশ্বাস দুর্গাপুরে🤣
আজ সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার, স্টেশন বাস টার্মিনাস কিংবা বেনাচিতির মতো ব্যস্ততম এলাকাগুলিতে সরকারি বাসে চড়ার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে। কর্মজীবী মহিলা থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রীরা—প্রথম দিনেই এই পরিষেবার সুবিধা লুফে নিয়েছেন সকলেই।
শহরের এক বেসরকারি সংস্থার কর্মী অনন্যা মুখোপাধ্যায় জানান, “প্রতিদিন যাতায়াতের পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হতো। সরকারের বেশ কিছু টাকা সাশ্রয় হবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।”

প্রশাসনের কড়া নজরদারি
নতুন এই পরিষেবা চালু হওয়ার পর যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা হেনস্থার সৃষ্টি না হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। কন্ডাক্টর ও পরিবহন কর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেখানোর পর যেন কোনো টালবাহানা ছাড়াই টিকিট দেওয়া হয়। প্রথম দিনে দুর্গাপুরের ডিপোগুলিতে প্রশাসনিক স্তরে বিশেষ নজরদারিও চালানো হয়।
রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, নিত্যদিনের যাতায়াত আরও সহজ এবং সাশ্রয়ী করার পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার পথে এই সিদ্ধান্ত এক বড় অনুঘটক হিসেবে কাজ করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *