নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকেই নেওয়া হলো এক বড় সিদ্ধান্ত। এবার থেকে পশ্চিমবঙ্গে ধর্মীয় ভিত্তিতে সমস্ত রকম সরকারি ভাতা ও আর্থিক সহায়তামূলক প্রকল্প সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। সোমবার ক্যাবিনেট বৈঠক শেষে নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এদিন জানান, চলতি মাস অর্থাৎ মে মাস পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া গেলেও, আগামী মাস অর্থাৎ জুন থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল বলেন, ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সমস্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে নতুন সরকার। ধর্মীয় মেরুকরণ এড়াতে এবং সব নাগরিকের জন্য সমতা বজায় রাখতেই যে এই সিদ্ধান্ত, তা সরকারের এই ঘোষণা থেকে স্পষ্ট। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এক বড়সড় বদল আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Share Post Whatsapp Share Post navigation পার্ক সার্কাসে তাণ্ডবের পর রণংদেহী মেজাজে শুভেন্দু, হাত খোলা পুলিশকে কড়া অ্যাকশনের বার্তা মুখ্যমন্ত্রীর রাজ্যে পেট্রোপণ্যের সরবরাহ পর্যাপ্ত, গুজবে কান না দেওয়ার আহ্বান তেল বিপণন সংস্থার