নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর:বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এক অভিনব সচেতনতামূলক কর্মসূচির সাক্ষী থাকল শিল্পাঞ্চল। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার এবং সুস্থ জীবনযাপনের বার্তা দিতে রবিবার সকালে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে আয়োজিত হল একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি। ছুটির দিনের সকালে এই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ঠিক ৭টায় মহকুমা শাসকের দপ্তর প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য র্যালির সূচনা হয়। পরিবেশ রক্ষা ও সাইকেলের উপযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই র্যালিতে পা মেলান— থুড়ি, প্যাডেল ঘোরান প্রায় ৬০ জন সাইকেল আরোহী। নারী ও পুরুষ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে এক উৎসবের চেহারা দেয়। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক প্রণব ঘোষ। সাধারণত প্রশাসনিক প্রধানদের চেনা যায় শীতাতপ নিয়ন্ত্রিত চার চাকার গাড়িতে। কিন্তু এদিন চেনা ছক ভেঙে এক্কেবারে অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। শুধু পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনাই করলেন না, নিজে সাইকেলের হাতল ধরে সামিল হলেন সাধারণ আমজনতার সঙ্গে।কোর্তা-পাজামা ছেড়ে স্পোর্টি পোশাকে মহকুমা শাসককে সাইকেল চালাতে দেখে উপস্থিত সাধারণ মানুষ এবং সহকর্মীদের উৎসাহ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। মহকুমা শাসকের দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে এই সচেতনতা মিছিল। বর্তমান যুগে ক্রমবর্ধমান দূষণ এবং যান্ত্রিক ব্যস্ততার মাঝে সাইকেলের মতো পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী যান যে কতটা প্রাসঙ্গিক, তা মনে করিয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিদিনের যাতায়াতে যদি কিছুটা সময়ও সাইকেল ব্যবহার করা যায়, তবে একদিকে যেমন জ্বালানি বাঁচবে ও কার্বন নির্গমন কমবে, তেমনই শরীরও থাকবে রোগমুক্ত। আজকের দিনে দাঁড়িয়ে সাইকেল চালানো কেবল একটা শখ নয়, বরং সুস্থ ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি অভ্যাস।ছুটির দিনের সকালে দুর্গাপুর মহকুমা শাসকের এই বর্ণাঢ্য ও প্রাণবন্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের পরিবেশপ্রেমী ও আপামর নাগরিক সমাজ। Share Post Whatsapp Share Post navigation সরকারি বাসে মহিলাদের নিখরচায় সফর শুরু, প্রথম দিনেই রাজ্যজুড়ে তুমুল সাড়া