নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা বিজেপির ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প ঘিরে সরগরম হয়ে উঠল শিল্পাঞ্চল। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর থানার তামলা এলাকা। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে ঘাসফুল শিবির। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় এদিন সকালে বিজেপি কর্মীরা একটি শিবিরের আয়োজন করেছিলেন। সেখানে এলাকার মহিলাদের ‘অন্নপূর্ণা যোজনার’ ফর্ম পূরণ করিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় উপচে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, নির্বাচনের মুখে সরকারি প্রকল্পের টোপ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, যা সরাসরি আদর্শ নির্বাচনী আচরণবিধির (মডেল কোড অফ কন্ডাক্ট) পরিপন্থী।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ,“পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এখন সাধারণ মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি ও প্রলোভন দেখাচ্ছে। নির্বাচনের সময় এভাবে ফর্ম পূরণ করানো বেআইনি।” অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, এটি কোনও নির্বাচনী চমক নয়, বরং দলীয় কর্মসূচির অংশ। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াতে ভয় পেয়েই তৃণমূল পুলিশ দিয়ে বাধা দিচ্ছে।
খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা-সেনা পৌঁছয়। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। কমিশনের নির্দেশে পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।