ডঃ দীপক জয়সওয়াল
প্রজন্মের পর প্রজন্ম ধরে, ভারতের শ্রমিকরা একটি পুরানো এবং খণ্ডিত শ্রম ব্যবস্থার বোঝা বহন করে আসছে যা প্রায়শই তাঁদের মজুরি, নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়। অসংগঠিত, চুক্তিবদ্ধ এবং উদীয়মান গিগ বা অসংগঠিত ক্ষেত্রের লক্ষ লক্ষ শ্রমিক এই নীতিমালায় অদৃশ্য থেকে গেছেন এবং মৌলিক সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত রয়েছেন। চারটি শ্রম কোড এই ঐতিহাসিক অবিচারগুলি সংশোধন করার জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। প্রায় তিন ডজন ছড়িয়ে ছিটিয়ে থাকা আইনকে একটি একক, সুসংহত কাঠামোতে একত্রিত করে, তারা দীর্ঘকাল ধরে প্রান্তিক অবস্থানে থাকা ব্যক্তিদের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র এবং সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার চেষ্টা করে। বছরের পর বছর ধরে আলোচনা এবং বিতর্কের পর সেগুলির বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার শক্তিশালী করা এবং আরও স্থিতিশীল এবং মানবিক কর্মসংস্থান পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত চিহ্নিত করে।
শ্রমিকদের দীর্ঘমেয়াদী কল্যাণ, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (এনএফআইটিইউ) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ১২ ফেব্রুয়ারি শ্রম আইনের বিরুদ্ধে ধর্মঘটে অংশগ্রহণ করা এই মুহূর্তে শ্রমিক শ্রেণীর স্বার্থেও প্রযোজ্য নয় এবং তা প্রয়োজনীয়ও নয়।
নতুন শ্রম আইনগুলি কোনও আকস্মিক বা একতরফা হস্তক্ষেপ নয়। এগুলি দুই দশকেরও বেশি সময় ধরে চলমান সংস্কার প্রক্রিয়ার ফলাফল। কাজ ও কর্মসংস্থানের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৯টি খণ্ডিত শ্রম আইনকে চারটি বিস্তৃত কোডে একত্রিত করার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অপরিহার্য বলে স্বীকৃত ছিল।
শ্রম আইনকে সরাসরি প্রত্যাখ্যান করলে শ্রমিকদের জন্য এগুলি যে বাস্তব সুবিধাগুলি প্রদান করতে চাইছে সেগুলিকে উপেক্ষা করা হবে। এই মজুরি আইন সর্বজনীন ন্যূনতম মজুরি কভারেজ এবং সময়মত মজুরি প্রদান সুনিশ্চিত করে, বিভিন্ন ক্ষেত্রে মজুরি সুরক্ষার দীর্ঘস্থায়ী ব্যবধান দূর করে। সামাজিক সুরক্ষা আইন, প্রথমবারের মতো, প্রায় ৪০ কোটি অসংগঠিত, চুক্তিবদ্ধ, গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা সম্প্রসারণের জন্য একটি আইনী কাঠামো তৈরি করে; যারা আগে আনুষ্ঠানিক সুরক্ষার আওতার বাইরে ছিলেন। এই বিধানগুলি ভারতে শ্রমিকদের অধিকার এবং সামাজিক সুরক্ষা কভারেজের একটি ঐতিহাসিক সম্প্রসারণের প্রতিনিধিত্ব করে।
শিল্প সম্পর্ক আইন এবং পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য এবং কর্মপরিবেশ আইনের লক্ষ্য শিল্প সম্প্রীতি, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরও মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্রকে উন্নীত করা। যদিও কিছু বিধান নিয়ে উদ্বেগ থাকে, অভিজ্ঞতা দেখায় যে ব্যাপক বিরোধিতা এবং ধর্মঘট খুব কমই গঠনমূলক ফলাফলের দিকে নিয়ে যায়। শ্রমিক স্বার্থ সংঘাতের পরিবর্তে সংলাপ, নিয়ম-ভিত্তিক উন্নতি এবং সমস্যা-নির্দিষ্ট আলোচনার মাধ্যমে আরও ভালভাবে পরিবেশিত হয়। সংঘাতের ক্ষেত্রে তা মজুরি হ্রাস, উৎপাদন ব্যাহত হওয়া এবং কর্মসংস্থানের নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করে – বিশেষ করে কর্মী বাহিনীর সবচেয়ে দুর্বল অংশের জন্য।
শ্রম আইনগুলো পরামর্শ ছাড়াই প্রণয়ন করা হয়েছে বলে দাবি করাও ভুল। সংস্কার প্রক্রিয়ায় একাধিক দফা ত্রিপক্ষীয় আলোচনা, সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা এবং সংশ্লিষ্ট অনেকের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, মতভেদ থাকা স্বাভাবিক, তবে আলোচনা এবং প্রাতিষ্ঠানিক সংলাপের মাধ্যমে সেগুলি সমাধান করা উচিত, এমন ব্যাঘাতের মাধ্যমে নয় যা শেষ পর্যন্ত শ্রমিকদের নিজেদের ক্ষতি করে।
এমন এক সময়ে যখন ভারতীয় অর্থনীতি কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশ উন্নত ভারত গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন ট্রেড ইউনিয়নগুলির উচিত ব্যাঘাতের পথে না গিয়ে দায়িত্বশীল পদক্ষেপ বেছে নেওয়া। তাদের ভূমিকা হওয়া উচিত কেবল সংস্কারের বিরোধিতা করা নয়, বরং কার্যকর বাস্তবায়ন এবং ক্রমাগত উন্নতির মাধ্যমে শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে মর্যাদাকে বাস্তবে শক্তিশালী করার জন্য এগুলিকে গঠন করা।
ট্রেড ইউনিয়নগুলির আসল দায়িত্ব প্রতিবাদ করা নয়, বরং শ্রমিকরা যাতে বাস্তবে উপকৃত হয় তা সুনিশ্চিত করা। এখন লক্ষ্য হওয়া উচিত শ্রম আইনগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা এবং তেমন প্রত্যেক শ্রমিকের কাছে পৌঁছানো, যাদের প্রকৃতই সুরক্ষার প্রয়োজন রয়েছে। ধর্মঘটের পরিবর্তে সংলাপ, সহযোগিতা এবং ক্রমাগত উন্নতি বেছে নেওয়ার মাধ্যমে, ট্রেড ইউনিয়নগুলি এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করতে পারে যা শ্রমিকদের জন্য চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং মর্যাদা প্রদান করবে, পাশাপাশি যা ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতে পরিণত হওয়ার যাত্রাকে সমর্থন করব।
(লেখক ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (এনএফআইটিইউ)-এর সভাপতি)