নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুরের রাঁচি কলোনিতে এক যুবককে ঘিরে গণপিটুনির ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দূর্গাপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় মহিলাদের ও নাবালিকাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠছিল। সম্প্রতি এলাকার এক নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, সে গর্ভবতী। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ, শুক্রবার সকালে ওই যুবককে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত বাসিন্দারা তাকে ঘিরে ধরে মারধর করেন। লাঠি নিয়ে চড়াও হওয়ার ঘটনাও সামনে আসে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে পুলিশ হস্তক্ষেপ করে অভিযুক্তকে উদ্ধার করে এবং আইনশৃঙ্খলা রক্ষা করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *