ড. রাজীব বহল ও ড. অনুপ অনভিকার
পনেরো বছর আগে ভারতে প্রতি বছর ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা ছিল ১,০০০-এরও বেশি। ২০২৫ সালে সেই মৃত্যুর সংখ্যা নেমে এসেছে দুই অঙ্কে, অর্থাৎ ৯০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। শুধু ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যেই ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে। একই সময়ে উচ্চ ম্যালেরিয়া-প্রবণ জেলার সংখ্যা ১৫৫ থেকে কমে হয়েছে ৩৩। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ১৬০টি জেলায় স্থানীয়ভাবে সংক্রমিত ম্যালেরিয়ার একটিও ঘটনা নথিভুক্ত হয়নি। ভারত এখন ২০২৭ সালের মধ্যে স্থানীয়ভাবে সংক্রমিত ম্যালেরিয়ার ঘটনা শূন্যে নামিয়ে আনা এবং ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
তবুও অতীতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, নির্মূলের শেষ পর্যায়টিই সবচেয়ে কঠিন এবং এই সময়েই আত্মতুষ্টির বিপদ সবচেয়ে বেশি। ভারত একবার এই ভুলের মাশুল দিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যালেরিয়া রিসার্চ (ICMR-NIMR), ২০২৬ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে। এই প্রতিষ্ঠান সেই অভিজ্ঞতারই প্রেক্ষাপটে গড়ে উঠেছিল।
এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম
স্বাধীনতার সময়ে প্রায় সারা ভারতেই ম্যালেরিয়ার প্রকোপ মারাত্মক ছিল। তখন প্রতি বছর প্রায় ৭ কোটি ৫০ লক্ষ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন এবং প্রায় ৮ লক্ষ মানুষের মৃত্যু হতো। ১৯৫৮ সালে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি চালু করা হয়। ডিডিটি ছড়ানো এবং ক্লোরোকুইন ওষুধ ব্যবহারের মাধ্যমে ১৯৬৫ সালের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমে প্রায় এক লক্ষে নেমে আসে। সেই সময়ে ম্যালেরিয়ায় কোনও মৃত্যুর খবরও নথিভুক্ত হয়নি। মনে হয়েছিল, ম্যালেরিয়া নির্মূল করা আর খুব বেশি দূরে নয়।
কিন্তু এরপরই ম্যালেরিয়া আবার ফিরে আসে। মশারা ডিডিটি প্রতিরোধী হয়ে ওঠে, ম্যালেরিয়ার পরজীবী ক্লোরোকুইন ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করতে শুরু করে। অন্যদিকে, রোগের প্রকোপ কমে যাওয়ায় অর্থ বরাদ্দ ও নজরদারির ক্ষেত্রেও শিথিলতা দেখা দেয়। এর ফলে ১৯৭৬ সালের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪ লক্ষে। এই পুনরুত্থান একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল—শুধু কীটনাশক ও ওষুধ দিয়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মশা, পরজীবী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সম্পর্কে নিজস্ব বৈজ্ঞানিক গবেষণা ভারতের প্রয়োজন।
এই প্রেক্ষাপটে ১৯৭৭ সালে ভারত সরকার দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) অধীনে ম্যালেরিয়া রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে এই কেন্দ্রকে একটি জাতীয় স্তরের গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করা হয় এবং ২০০৫ সালে এর নামকরণ হয় ICMR-NIMR।
পাঁচ দশকের গবেষণা, নানা প্রশ্নের উত্তর
ম্যালেরিয়া একটি পরজীবীঘটিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। তাই গবেষণা প্রতিষ্ঠানের প্রাথমিক কাজ শুরু হয় ম্যালেরিয়ার বাহক মশাকে কেন্দ্র করে—মশা কোথায় বংশবিস্তার করে, কীভাবে রক্ত খায়, কোথায় বিশ্রাম নেয় এবং কখন কামড়ায়, তা বোঝার মধ্য দিয়ে। এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল, দেখতে একই রকম মশারাও আসলে ভিন্ন ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত হতে পারে। এদের মধ্যে কিছু প্রজাতি মানুষের রক্ত বেশি পছন্দ করে এবং সহজেই ম্যালেরিয়া ছড়ায়। অন্যদিকে, কিছু প্রজাতি মূলত গবাদি পশুর রক্ত খায়, এদের থেকে মানুষের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম। এই প্রজাতিগুলিকে আলাদা করে শনাক্ত করার ফলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে প্রকৃত সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী মশার দিকে কেন্দ্রীভূত করা সম্ভব হয়েছে।
গত পাঁচ দশকে এই প্রতিষ্ঠান সারা দেশে অ্যানোফিলিস মশার বিভিন্ন প্রজাতির বিস্তার চিহ্নিত করেছে এবং কীটনাশকের বিরুদ্ধে তাদের প্রতিরোধক্ষমতার পরিবর্তন পর্যবেক্ষণ করেছে। বিভিন্ন ক্ষেত্রসমীক্ষায় দেখা গেছে, পরিবেশের যথাযথ ব্যবস্থাপনা এবং মশার লার্ভা খেয়ে ফেলে, এমন মাছ ব্যবহারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ওষুধ কতটা কার্যকর, সেই বিষয়েও এই প্রতিষ্ঠান নিয়মিত নজরদারি চালিয়েছে। এই গবেষণা থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই ভারত ক্লোরোকুইন থেকে আর্টেমিসিনিন-ভিত্তিক কম্বিনেশন থেরাপি বা ACT ব্যবহারের দিকে এগিয়ে যায়। মশারি এবং দ্রুত রোগ নির্ণয়ের পরীক্ষার (Rapid Diagnostic Tests বা RDTs) কার্যকারিতাও জাতীয় স্তরে চালু করার আগে বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করে দেখা হয়েছে।
২০১৩ সাল থেকে ওড়িশা সরকারের সঙ্গে যৌথভাবে চারটি জেলায় কমপ্রিহেনসিভ কেস ম্যানেজমেন্ট প্রজেক্ট (CCMP) পরিচালিত হয়েছিল । এই প্রকল্প দেখিয়েছিল, প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও প্রত্যেকের জন্য ম্যালেরিয়া পরীক্ষা এবং সম্পূর্ণ চিকিৎসার সুযোগ নিশ্চিত করা গেলে এবং তার সঙ্গে শক্তিশালী নজরদারি ব্যবস্থা যুক্ত হলে, ম্যালেরিয়ার প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ওড়িশা সরকার এই প্রকল্পের অভিজ্ঞতা ও শিক্ষাকে তাদের DAMaN কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত এই কর্মসূচি রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ দ্রুত কমাতে সাহায্য করেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে গোটা দেশের ম্যালেরিয়া পরিস্থিতির উপরও।
মশা থেকে পরজীবী, গবেষণাগার থেকে মাঠপর্যায়, অণুবীক্ষণ যন্ত্র থেকে জিনোমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI —প্রতিটি নতুন আবিষ্কার ভারতকে ম্যালেরিয়ামুক্ত হওয়ার লক্ষ্যের আরও কাছে নিয়ে এসেছে। পঞ্চাশ বছর আগে আমাদের চ্যালেঞ্জ ছিল ম্যালেরিয়াকে বোঝা। আজকের চ্যালেঞ্জ হল, এই রোগকে সম্পূর্ণ নির্মূল করা।
কেন শেষ পর্যায়ের লড়াই সবচেয়ে কঠিন?
ভারত এখন আগের যেকোনও সময়ের তুলনায় ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু ঠিক এই সময়েই বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যা কমতে থাকলে অনেক সময় মনে হতে পারে, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তা নয়। এখনও মাত্র ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩টি জেলায় দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৬৪ শতাংশ এবং মৃত্যুর ৫৪ শতাংশ ঘটে। শেষ পর্যায়ের সংক্রমণগুলি লুকিয়ে থাকে প্রত্যন্ত বনাঞ্চলের গ্রামগুলিতে এবং এমন মানুষের শরীরে, যাঁদের মধ্যে রোগের লক্ষণ খুব সামান্য দেখা যায়, অথবা কোনও লক্ষণই থাকে না। অন্যদিকে, ম্যালেরিয়ার পরজীবী এবং মশা ক্রমাগত নিজেদের অভিযোজিত করে চলেছে।
এই ব্যবধান দূর করতে শুধু বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করলে চলবে না। গবেষণার মাধ্যমে মানুষের আচরণ ও সামাজিক বাস্তবতাকেও বুঝতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ জ্বরকে কীভাবে দেখেন, কখন চিকিৎসা নিতে যান এবং ম্যালেরিয়া প্রতিরোধের ব্যবস্থাগুলি কতটা গ্রহণ করেন—এসব বিষয়ও গবেষণার আওতায় আনতে হবে। লক্ষ্যে পৌঁছতে হলে আগামী দশকের গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
আগামী দশকের পাঁচটি অগ্রাধিকার
প্রথমত, পরিবর্তনশীল জলবায়ুর প্রেক্ষাপটে ম্যালেরিয়ার বাহক মশার উপর নজরদারি চালাতে হবে। তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তনের ফলে মশার প্রজননক্ষেত্রের অবস্থান বদলাচ্ছে। মশার শরীরের মধ্যে ম্যালেরিয়ার পরজীবী কত দ্রুত বিকশিত হচ্ছে এবং বছরের কতটা সময় ধরে সংক্রমণ ছড়ানোর অনুকূল পরিবেশ থাকছে, তাতেও পরিবর্তন ঘটছে। এর ফলে এমন এলাকাতেও ম্যালেরিয়া ফিরে আসতে পারে, যেখান থেকে একসময় এই রোগ নির্মূল করা সম্ভব হয়েছিল। এমনকি আরও উঁচু পার্বত্য এলাকাতেও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, অ্যানোফিলিস স্টিফেনসি-র মতো নতুন এলাকায় ছড়িয়ে পড়া মশার প্রজাতি নতুন বিপদের সৃষ্টি করছে। এই মশা শহরাঞ্চলের জল জমে থাকা বিভিন্ন পাত্র ও জলাধারে সহজেই বংশবিস্তার করতে পারে। তাই নিয়মিত কীটতাত্ত্বিক নজরদারি, জলবায়ু-সংক্রান্ত তথ্য এবং পূর্বাভাস দেওয়ার মডেলগুলিকে একসঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে কোনও এলাকায় ম্যালেরিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব ঘটার আগেই সংশ্লিষ্ট কর্মসূচিগুলিকে সতর্ক করা সম্ভব হবে।
দ্বিতীয়ত, ম্যালেরিয়া প্রতিরোধের ব্যবস্থাগুলিকে কার্যকর রাখতে হবে। দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি এবং ঘরের ভিতরে কীটনাশক ছড়ানোর পদ্ধতি ভারতের ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু ভারতে ব্যবহৃত মশারিগুলির অধিকাংশই মূলত একটি নির্দিষ্ট শ্রেণির কীটনাশকের উপর নির্ভরশীল। অন্যদিকে, মশার মধ্যে সেই কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা ক্রমশ বাড়ছে। তাই নতুন শ্রেণির কীটনাশক এবং পরবর্তী প্রজন্মের উন্নত মশারি নিয়ে গবেষণা ও পরীক্ষা চালানো জরুরি। পাশাপাশি, মশার লার্ভা খেয়ে ফেলে এমন মাছ এবং ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভা-নাশক পদার্থের মতো জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারও বাড়াতে হবে। তবে শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না। সেই প্রযুক্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি সাধারণ মানুষ বাস্তবে কতটা গ্রহণ করছেন এবং ব্যবহার করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, রোগ নির্ণয়ের ব্যবস্থাকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। দ্রুত রোগ নির্ণয়ের পরীক্ষা বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট (RDT) এমন সব গ্রামেও নির্ভরযোগ্যভাবে ম্যালেরিয়া শনাক্ত করার সুযোগ করে দিয়েছে, যেখানে পরীক্ষাগার নেই। এখনও ম্যালেরিয়া পরীক্ষার ক্ষেত্রে এই পদ্ধতিই অন্যতম প্রধান ভরসা। কিন্তু আক্রান্তের সংখ্যা যত কমছে, অবশিষ্ট সংক্রমণগুলি ততই বিরল, মৃদু লক্ষণযুক্ত হচ্ছে এবং সেগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। কিছু অঞ্চলে ম্যালেরিয়ার সবচেয়ে বিপজ্জনক পরজীবী প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম-এর একটি ছোট অংশের জিনগত পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনের ফলে পরজীবী এমন একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করা থেকে বিরত থাকতে পারে, যেটিকে অধিকাংশ RDT শনাক্ত করে। ফলে প্রচলিত পরীক্ষায় সংক্রমণ ধরা না পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই বর্তমান পরীক্ষাগুলি যেখানে ব্যবহৃত হচ্ছে, সেখানে সেগুলির কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালাতে হবে। একই সঙ্গে কম সংক্রমণপ্রবণ পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী আরও সংবেদনশীল ও সাশ্রয়ী পরীক্ষাপদ্ধতি উদ্ভাবন করতে হবে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা বা মাইক্রোস্কোপি এখনও রোগ নির্ণয়ের অন্যতম নির্ভরযোগ্য মানদণ্ড। তবে এর জন্য উন্নতমানের যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত প্রযুক্তিবিদ প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক মাইক্রোস্কোপি এবং উন্নত মাইক্রোস্কোপি প্রযুক্তি রোগ নির্ণয়ের প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করে তুলতে পারে। একই সঙ্গে সীমিত সংখ্যক দক্ষ বিশেষজ্ঞের উপর নির্ভরতাও কমাতে পারে।
চতুর্থত, ওষুধ প্রতিরোধক্ষমতা ছড়িয়ে পড়ার আগেই নতুন ওষুধ প্রস্তুত রাখতে হবে। একসময় ম্যালেরিয়ার প্রধান চিকিৎসা ছিল ক্লোরোকুইন। কিন্তু ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ম্যালেরিয়ার পরজীবী এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করায় এর কার্যকারিতা কমে যায়। এর পরিবর্তে আর্টেমিসিনিন-ভিত্তিক কম্বিনেশন থেরাপি চালু করা হয়। বর্তমানে ভারতের অধিকাংশ অঞ্চলে এই চিকিৎসা এখনও কার্যকর। কিন্তু এশিয়ার অন্যান্য অংশ এবং আফ্রিকায় আর্টেমিসিনিনের বিরুদ্ধে আংশিক প্রতিরোধক্ষমতা ইতিমধ্যেই দেখা দিয়েছে। তাই সারা দেশে ম্যালেরিয়ার ওষুধগুলি কতটা কার্যকর থাকছে, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি, নতুন ম্যালেরিয়ার ওষুধের গবেষণাকে গবেষণাগারের স্তর থেকে দ্রুত ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে নিয়ে যেতে হবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স থেকে সৃষ্ট ম্যালেরিয়ার ক্ষেত্রেও নতুন চিকিৎসার প্রয়োজন অত্যন্ত জরুরি। কারণ এই পরজীবী, সংক্রমণের কয়েক মাস পরেও পুনরায় রোগের সৃষ্টি করতে পারে। তাই এই ধরনের ম্যালেরিয়ার জন্য আরও স্বল্পমেয়াদি, নিরাপদ ও কার্যকর চিকিৎসা উদ্ভাবন করতে হবে।
পঞ্চমত, প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা, তাই ভারতের নিজস্ব ম্যালেরিয়া টিকা প্রয়োজন। ICMR ইতিমধ্যেই AdFalciVax নামে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত একটি ম্যালেরিয়া টিকা তৈরি করেছে। বর্তমানে এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতের টিকাগুলিকে ভারতের নিজস্ব ম্যালেরিয়া পরজীবীর বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এমন টিকা উদ্ভাবনের উপরও গুরুত্ব দিতে হবে, যা মানুষের শরীর থেকে মশার মধ্যে পরজীবীর সংক্রমণ ছড়ানো বন্ধ করতে পারে। এর ফলে টিকা শুধু ব্যক্তিবিশেষকে সুরক্ষা দেবে না, বরং সমগ্র জনগোষ্ঠীকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।
লক্ষ্য এখন নাগালের মধ্যে
প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে রয়েছে একটি সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য—মানুষের জীবন বাঁচানো। আমরা এমন একটি দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন ভারতের কোনও পরিবারকে আর মশার কামড়ের কারণে তাদের সন্তানকে হারাতে হবে না, উপার্জনের সুযোগ থেকে বঞ্চিত হতে হবে না কিংবা সন্তানের স্কুলে যাওয়া বন্ধ রাখতে হবে না। সেই দিন আর খুব বেশি দূরে নয়। লক্ষ্য এখন আমাদের নাগালের মধ্যে। ভারত এর আগেও একবার ম্যালেরিয়া নির্মূলের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু যথাযথ সতর্কতা ও নজরদারির অভাবে সেই সাফল্য ধরে রাখা সম্ভব হয়নি। এবার আমরা আর সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেব না। ম্যালেরিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে চূড়ান্ত সাফল্য অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
লেখক পরিচিতি: ড. রাজীব বহল হলেন স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) মহানির্দেশক। ড. অনুপ অনভিকার ICMR-এর অতিরিক্ত মহানির্দেশক।