নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুজোর আনন্দ থেকে যাতে বঞ্চিত না হন অসহায় ও সুবিধাবঞ্চিত প্রবীণেরা, সেই উদ্যোগ নিল দুর্গাপুরের বেঙ্গল হাসপাতাল ও এসকেএস মেডিক্যাল কলেজ। দুই প্রতিষ্ঠানের উদ্যোগে ৬৭ জন প্রবীণকে শহরের পাঁচটি উল্লেখযোগ্য দুর্গাপুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয়। পুজোর আনন্দে তাঁদের সামিল করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।
এই উদ্যোগ প্রসঙ্গে বেঙ্গল হাসপাতাল ও এসকেএস মেডিক্যাল কলেজের প্রতিনিধি উৎকর্ষ শর্মা বলেন, ব্যক্তিগত উদ্যাপনে মানুষ অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করেন। কিন্তু অসহায় ও সুবিধাবঞ্চিত প্রবীণদের মুখে হাসি ফোটানোও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই প্রথমবারের জন্য প্রবীণদের পুজো মণ্ডপ দর্শনের ব্যবস্থা করা হয়েছে।
প্রবীণদের শারীরিক স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে ছিলেন মেডিক্যাল কর্মীরাও। যাত্রাপথে কারও শারীরিক অসুবিধা হলে যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়, সে জন্যই এই ব্যবস্থা।
উৎকর্ষ শর্মা জানান, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুই প্রতিষ্ঠানই প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মণ্ডপ পরিদর্শন শেষে ৬৭ জন প্রবীণের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়। পুজোর দিনগুলিতে এই উদ্যোগ তাঁদের উৎসবের আনন্দে শামিল হওয়ার পাশাপাশি উপহার দিয়েছে কিছু স্মরণীয় মুহূর্ত।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad