নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: একশো দিনের কাজের প্রকল্প বা ‘MGNREGS’ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে সরব হলো জেলা কংগ্রেস। রবিবার দুর্গাপুরের ব্যস্ততম স্টিল মার্কেট পাঁচমাথা মোড়ে এক প্রতীকী সত্যাগ্রহ ও অনশন কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।
এদিন দুপুর দেড়টা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারি নথি, বিজ্ঞাপন এবং পোর্টাল থেকে ‘মহাত্মা গান্ধী’ নামটি আড়াল করার চেষ্টা করছে। তাদের দাবি, এটি কেবল নাম পরিবর্তন নয়, বরং গান্ধীজির আদর্শকে মুছে ফেলার এক বৃহত্তর ষড়যন্ত্র।
অনশন মঞ্চ থেকে কংগ্রেস নেতারা একাধিক অভিযোগ তুলে ধরেন,তাদের অভিযোগ MGNREGS-এর নাম পরিবর্তন করে অন্য নাম রাখার মাধ্যমে গান্ধীজির অবদানকে অস্বীকার করা হচ্ছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দে ব্যাপক কাটছাঁট করা হয়েছে, যার ফলে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ সময় ধরে শ্রমিকদের কাজের মজুরি বকেয়া পড়ে রয়েছে।
এছাড়াও কাজের গ্যারান্টি দেওয়ার কথা থাকলেও বর্তমানে কাজের সুযোগ সংকুচিত হচ্ছে বলে দাবি নেতৃত্বের।
এদিনের এই সত্যাগ্রহ কর্মসূচিতে দেবেশ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ জয়শওয়াল, মেঘনা মান্না, সৌভিক মুখার্জী, সুদেব রায় সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন”জাতির জনকের নাম সম্বলিত এই প্রকল্প গ্রামীণ দরিদ্র মানুষের অধিকারের লড়াই। কেন্দ্রীয় সরকার যদি এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না আসে এবং শ্রমিকদের বকেয়া টাকা না মেটায়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।”
এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্টিল মার্কেট এলাকায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *