নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ভোটের মুখে ফের তপ্ত শিল্পাঞ্চল। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি ও পূরণকে কেন্দ্র করে মঙ্গলবার দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের পুর্ষা গ্রামে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীর দিকে তেড়ে যেতে দেখা যায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুইকে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকালে পুর্ষা গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তৃণমূলের অভিযোগ, প্রচারের আড়ালে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ‘অন্নপূর্ণা যোজনার’ ফর্ম ফিলাপ করাচ্ছিলেন, যা নির্বাচনী বিধিভঙ্গ। এই নিয়েই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
বচসা চলাকালীন পরিস্থিতি চরমে পৌঁছালে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই মেজাজ হারিয়ে ফেলেন। অভিযোগ, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে এক তৃণমূল কর্মীর দিকে ‘রে রে’ করে তেড়ে যান। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুই দলের কর্মীরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার উপক্রম হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তারা দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দুপক্ষকেই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ।