বউবাজারের নৃত্য ভবন: পাঁচ পুরুষের পারিবারিক উত্তরাধিকার

Uncategorized

ঈশানী মল্লিক

সময়ের সঙ্গে শহর বদলায়, বাড়ির ঠিকানা বদলায়, মানুষের জীবনযাত্রা বদলায়। কিন্তু কোনও কোনও ঐতিহ্য টিকে থাকে একটি পুরনো ঠাকুরদালানে, কোনও সোনার গয়নায়, কোনও স্বপ্নের স্মৃতিতে, কিংবা দেশভাগের ওপার থেকে বয়ে আনা একটি ইটে। জগদ্ধাত্রী পুজোর এই ইতিহাসগুলি তাই শুধু দেবী আরাধনার কাহিনি নয়—এগুলি বাঙালির ঘর, শিকড়, স্মৃতি ও বিশ্বাসের ইতিহাস।

মধ্য কলকাতার বউবাজারের ৪৮ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বাবুরাম শীল লেনের নৃত্য ভবনের জগদ্ধাত্রী পুজো শহরের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। এখানে পুজোর জাঁকজমকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবারের পাঁচ প্রজন্ম ধরে চলে আসা আরাধনা, পুরনো ঠাকুরদালানের ঐতিহ্য এবং নির্দিষ্ট পারিবারিক আচার।

দত্ত পরিবারে জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয়েছিল, সঠিক জানা না গেলেও পুজোর বয়স যে দুশো বছরেরও বেশি অতিক্রান্ত, সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। পরিবারের আদিপুরুষ বলাইচাঁদ দত্ত এই পুজোর সূচনা করেন। প্রথম কয়েক বছর ১৩ নম্বর বাবুরাম শীল লেনের বাড়িতে পুজো অনুষ্ঠিত হত। পরে বলাইচাঁদ দত্তের জ্যেষ্ঠপুত্র নৃত্যলাল দত্ত ১০ নম্বর বাবুরাম শীল লেনে তিন খিলানের ঠাকুরদালান-সহ একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেন। সেখানেই পুজো স্থানান্তরিত হয়। নৃত্যলালের নাম অনুসারেই বাড়িটির নাম হয় ‘নৃত্য ভবন’। পুজোর বয়স ১৮২ বছর বলে জানিয়েছেন সুধীর কুমার দত্ত।
নৃত্য ভবনের প্রতিমার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ডাকের সাজে সজ্জিতা, স্বর্ণালংকারে ভূষিতা দেবী এখানে চতুর্ভুজা। তাঁর চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। সিংহের পদতলে রয়েছে হস্তিমুণ্ড; দেবীর দু’পাশে সহচরী জয়া ও বিজয়া। প্রতিমার শান্ত, স্নিগ্ধ ও প্রসন্নময়ী রূপই এই পুজোর প্রধান আকর্ষণ।

পুজোর আগের দিন সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পুজোর দিন সকালে পরিবারের ঠাকুরবাড়ি থেকে নারায়ণ, মা লক্ষ্মী ও মঙ্গল চণ্ডী কে নৃত্য ভবনে নিয়ে আসা হয়। প্রাণপ্রতিষ্ঠা ও চক্ষুদানের পর দেবীর আবাহন সম্পন্ন হয়। সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজো ও নবমীর আচার একই দিনে নিষ্ঠার সঙ্গে পালিত হয়। সন্ধিপুজোয় ১০৮টি প্রদীপ প্রজ্বলনের রীতি বাড়ির পরিবেশকে বিশেষ ভাবগম্ভীর করে তোলে।

এই পুজোর একটি উল্লেখযোগ্য সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সুবর্ণবণিক সম্প্রদায়ের নিজস্ব কিছু আচার। অষ্টমী ও সন্ধিপুজোর মধ্যবর্তী সময়ে মহিলারা সরা ও মালসা নিয়ে সারিবদ্ধভাবে ধুনো পোড়ান। বৈষ্ণব মতে পুজো হওয়ায় এখানে বলির প্রথা নেই। পুজোর ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট বাড়ির ভাড়া থেকে প্রাপ্ত আয়ের ব্যবস্থার কথাও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

দশমীর দিনেও রয়েছে একাধিক বিশেষ পারিবারিক রীতি। প্রথমে দর্পণে দেবীর চরণ দর্শন, পরে প্রতিমাকে বেদি থেকে উঠোনে নামিয়ে মহিলাদের বরণ ও সিঁদুর খেলা। সবশেষে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য দেবীর পা ধুইয়ে দেন এবং কানে কানে পরের বছর আবার আসার আমন্ত্রণ জানান। এই সময় অন্য কারও উপস্থিতি থাকে না—এমনই পারিবারিক রীতি। এরপর কাঁসার জল দিয়ে দেবীকে বিদায় জানানো হয়।

আগে প্রতিমা নৌকায় করে মাঝগঙ্গায় বিসর্জন দেওয়া হত। বর্তমানে প্রশাসনিক অনুমতি ও ব্যবস্থার কারণে সেই পুরনো রীতি আর অনুসৃত হয় না। তবু বিসর্জনের আচার ও পারিবারিক প্রার্থনার মধ্যে দিয়ে নৃত্য ভবনের পুজো শেষ হয় এক গভীর আবেগে—‘আবার এসো মা’।

তথ্য সূত্র: দত্ত বাড়ির প্রবীণ বংশধর সুধীর কুমার দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *