নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে এসআইআরের (SIR) পর্ব মেটার পরেই এ বার শুরু হতে চলেছে এসএসআর (SSR) বা ভোটার তালিকার ‘স্পেশ্যাল সামারি রিভিশন’ (বিশেষ সংক্ষিপ্ত সংশোধন)। পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। যোগ্যতা অর্জনের মাপকাঠি হিসেবে ধরা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারিকে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও হালনাগাদ রাখতেই এই উদ্যোগ। নতুন ও যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি মৃত বা ভুয়ো ভোটারদের বাদ দেওয়াই মূল লক্ষ্য। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গেই এ রাজ্যেও এই প্রক্রিয়া চলবে।
কমিশনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী:
-
২ নভেম্বর: ভোটকেন্দ্রগুলির যৌক্তিকীকরণ ও পুনর্বিন্যাসের কাজ শেষ হবে।
-
১২ নভেম্বর: প্রকাশিত হবে সমন্বিত খসড়া ভোটার তালিকা।
-
১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর: খসড়া তালিকার ভিত্তিতে দাবি ও আপত্তি জানানোর সময় পাবেন নাগরিকেরা।
-
২৮ ডিসেম্বর: জমা পড়া দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ দিন।
-
৪ জানুয়ারি, ২০২৭: প্রকাশিত হবে চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা।
তবে দেশের সব অংশে এখনই এই প্রক্রিয়া শুরু হচ্ছে না। কমিশন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ওড়িশা, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র ও তেলঙ্গানা-সহ বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই এসআইআর চলছে বা সম্প্রতি শেষ হয়েছে। তাই সেখানে এসএসআরের দিনক্ষণ পরে জানানো হবে। অন্য দিকে, প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখের সংশোধনের নির্ঘণ্টও পরে ঘোষণা করবে কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে যখন বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে, ঠিক সেই আবহেই ভোটার তালিকা সংশোধনের এই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক স্তরে এই তৎপরতা নির্বাচনী দামামা বাজারই স্পষ্ট ইঙ্গিত।
What do you feel about this post?
0%
Like
0%
Love
0%
Happy
0%
Haha
0%
Sad
0%