নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আর মাত্র কয়েক প্রহর। তার পরেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের মহাযজ্ঞ। ভোটগ্রহণ পর্বকে ত্রুটিমুক্ত ও শান্তিপূর্ণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে খামতি রাখছে না পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বুধবার সকাল থেকেই দুর্গাপুরের ডিসিআরসি (DCRC) কেন্দ্রে ব্যস্ততার ছবি ধরা পড়ল। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পরিদর্শনে যান জেলাশাসক পন্নামবালম এস।
পশ্চিম বর্ধমান জেলায় এ বার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় ছাড়াও রানিগঞ্জ এবং আসানসোলে আরও দু’টি ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার খোলা হয়েছে। ভোটকর্মীরা যাতে নির্বিঘ্নে তাঁদের কিট এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতেই এ দিন হাজির হন জেলাশাসক। সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক-সহ কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর, এ বার জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৫ হাজার ৯৫ জন। সব মিলিয়ে ২,৫৮৮টি বুথে ভোটগ্রহণ হবে। কড়া নজরদারির অঙ্গ হিসেবে প্রায় ৫,৪৫৫টি ওয়েব ক্যামেরা বসানো হয়েছে। জেলাশাসক পন্নামবালম এস বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। পুরুষ ও মহিলা উভয় স্তরের আধিকারিকরাই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন।”
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ বার বাইক চলাচলের ক্ষেত্রেও বাড়তি কড়াকড়ি আরোপ করেছে কমিশন। জেলাশাসক স্পষ্ট জানিয়েছেন, কমিশনের প্রতিটি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ নজরদারি টিমও। বুধবার বিকেল গড়াতেই ইভিএম এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীদের বুথ অভিমুখে রওনা দেওয়ার ছবিই বলে দিচ্ছে, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দুর্গাপুর।