নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের চব্বিশ ঘণ্টা আগে প্রশাসনিক সমন্বয়হীনতার জেরে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের ডিসিআরসি (DCRC) কেন্দ্র। বুধবার প্রবল গরমে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর ‘কাজ নেই’ শুনে ক্ষোভে ফেটে পড়লেন বুথ লেভেল অফিসাররা (BLO)। খোদ মহকুমা শাসকের সামনেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে শেষে মাইকিং করে ক্ষমা চাইল প্রশাসন।
এ দিন সকাল থেকেই নির্দিষ্ট নোটিশ পেয়ে ডিসিআরসি কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন কয়েকশো বিএলও। অভিযোগ, প্রখর রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাঁদের জানানো হয়, ওই কেন্দ্রে তাঁদের আপাতত কোনও বিশেষ দায়িত্ব নেই। এই খবর চাউর হতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। জয়ন্তী টুডু নামে এক বিএলও ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাদের দরকার নেই তো ডাকা হলো কেন? এই কাঠফাটা রোদে জল নেই, বসার জায়গা নেই। এমনকি আমাদের গাড়িগুলো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। চরম হয়রানির শিকার হচ্ছি আমরা।”
বিক্ষোভকারীদের দাবি, নির্বাচন কমিশনের সঠিক পরিকল্পনার অভাবেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর প্রশাসনের টনক নড়ে। মাইকিং করে জানানো হয়, ‘ভুলবশত’ তাঁদের ওই কেন্দ্রে ডাকা হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, বিএলও-রা যেন আপাতত বাড়ি ফিরে যান এবং বৃহস্পতিবার সকালে সরাসরি নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত থাকেন।
ভোটের আগের দিন এমন নজিরবিহীন বিভ্রাটে প্রশাসনের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন, যেখানে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে কমিশন, সেখানে কর্মীদের হাজিরা নিয়ে এমন বিভ্রান্তি কি প্রশাসনিক ব্যর্থতা নয়? যদিও মহকুমা প্রশাসন বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবেই দেখছে, তবে নির্বাচনের আগের মুহূর্তে এই বিশৃঙ্খলা যে অস্বস্তি বাড়াল, তা মানছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।