নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:ভোটের শেষ লগ্নে এসে উত্তপ্ত দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। মঙ্গলবার বিকেলে বিজেপির রোড শো-কে কেন্দ্র করে ইস্পাত নগরীর জে সি বোস এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। ভাঙচুর করা হয় একাধিক বাইক।
মঙ্গলবার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়-র নেতৃত্বে একটি বিশাল রোড শো জে সি বোস এলাকা দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলটি যখন এলাকা অতিক্রম করছিল, তখন স্থানীয় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। গণ্ডগোলের জেরে বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমাদের কর্মীরা শান্তভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। বিজেপি অকারণে উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী আমাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের মারধর করেছে।”
অন্যদিকে, বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায় জ্বালানের স্বামী সৌগত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল লোক আমাদের শান্তিপূর্ণ মিছিলে ঢিল ছোড়ে এবং অশান্তি পাকায়। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।