নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের রণদামামা। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার রাজ্যের ১৬টি জেলার ভোটার তালিকা সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করল ‘অফিস অফ দ্য চিফ ইলেক্টোরাল অফিসার’ (CEO)। প্রথম দফায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৬৫।
প্রথম দফার নির্বাচনে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জেলা রয়েছে। পরিসংখ্যান বলছে, প্রথম দফায় সবথেকে বেশি ভোটারের বাস মুর্শিদাবাদে। এর পরেই রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ঝাড়গ্রাম ও কালিম্পং-এর মতো পাহাড়ি ও আদিবাসী অধ্যুষিত এলাকাতেও ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। কালিম্পং জেলায় এবার তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই বলে জানানো হয়েছে কমিশনের তালিকায়।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্বাক্ষরিত এই প্রেস নোটে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়ে কোনও আপস করা হবে না। উল্লেখ্য, গত ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি জারি হয়েছে। ২৩ এপ্রিলের ওই মহাযুদ্ধের জন্য এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার এই ১৫২টি আসনই নবান্নের দখলের লড়াইয়ে অনেকটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। তাই ভোটার সংখ্যার এই পরিসংখ্যান প্রতিটি রাজনৈতিক দলের কাছেই এখন রণকৌশল তৈরির মূল হাতিয়ার।