কলকাতা: সারা বছর মা দুর্গার দর্শনের সুযোগ করে দিতে নিউ টাউনে ‘দুর্গাঙ্গন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিউ টাউন বাসস্ট্যান্ডের উল্টো দিকে ১৭.২ একর জমিতে এই বিশাল প্রকল্পটি গড়ে তোলা হবে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা।সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেন তিনি। জানান, তাঁর সরকার এ রাজ্যে ধর্মীয় স্থান তৈরি এবং পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য কী কী কাজ করেছে। মমতা এ-ও দাবি করেন, বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন তৈরি হবে নিউ টাউনে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে। আজ থেকেই কাজ শুরু হয়ে যাবে। দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন, কোনও অসুবিধা হবে না। এই কাজটি করতে পেরেছি বলে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি আরও বলেন, দুর্গাঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিকতার মিলনস্থল, যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাংলার প্রতীক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী জানান, দুর্গাঙ্গনের নকশা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এতটাই বৃহৎ পরিসরে নির্মাণ করা হবে যে মন্দিরের মাঝের উঠোনে একসঙ্গে প্রায় ১,০০০ জন বসতে পারবেন। প্রকল্পে থাকবে ১,০০৮টি স্তম্ভ। মূল গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার। পাশাপাশি ১০৮টি দেব-দেবীর মূর্তি স্থাপন করা হবে এবং ৩০০টিরও বেশি গাছ লাগানো হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। উল্লেখযোগ্যভাবে, দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল এমন এক দিনে, যার ঠিক আগের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা এক কোটি ছুঁয়েছে। গত এপ্রিলে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। মাত্র ১০ মাসের মধ্যেই সেখানে পুণ্যার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি ছাড়িয়েছে। সেই মাইলফলক ছোঁয়ার পরদিনই মুখ্যমন্ত্রীর আরও এক ‘স্বপ্নের প্রকল্প’-এর সূচনা হল নিউ টাউনে। Share Post Whatsapp Share Post navigation সময় ফুরোচ্ছে,আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন, না হলে প্যান নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা সংস্কার, গতিশীলতা এবং সিদ্ধান্ত : ২০২৫-এ ভারতের অর্থনীতি