বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পের প্রসারে দুর্গাপুরে বিশেষ সম্মেলন আইইইএমএ-র

Uncategorized

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পের প্রসারে দুর্গাপুরে বিশেষ প্রচার কর্মসূচি আইইইএমএ-র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজ্যে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা তুলে ধরতে দুর্গাপুরে এক বিশেষ শিল্প প্রচার কর্মসূচির আয়োজন করল ‘ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ (আইইইএমএ)। দেশের ৯০ বিলিয়ন ডলারের এই বৃহৎ শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান আরও বাড়ানো এবং আসন্ন ‘ইলেকট্রামা ২০২৭’ প্রদর্শনীতে রাজ্যের শিল্পমহলের অংশগ্রহণ জোরদার করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
আইইইএমএ সূত্রে জানানো হয়েছে, আগামী ২০২৭ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি গ্রেটার নয়ডার ‘ইন্ডিয়া এক্সপো মার্টে’ বসতে চলেছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক প্রদর্শনী ‘ইলেকট্রামা’-র ১৭তম আসর। এ বারের মূল ভাবনা (থিম) রাখা হয়েছে— ‘হার্নেসিং দ্য পাওয়ার অফ আই’। পাঁচ দিনের এই মেগা প্রদর্শনীতে ১,১০০-রও বেশি প্রদর্শক সংস্থা এবং ১০টি দেশের প্যাভিলিয়ন থাকবে। এ ছাড়াও ২৫ হাজারের বেশি ‘বি-টু-বি’ (বিজনেস টু বিজনেস) বৈঠক অনুষ্ঠিত হবে, যেখান থেকে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ব্যবসায়িক লেনদেনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ৫০০-রও বেশি আন্তর্জাতিক ক্রেতা এবং পাঁচ লক্ষের বেশি দর্শকের সমাগম ঘটবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
দুর্গাপুরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইলেকট্রামা’-র ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ কমিটির চেয়ারম্যান তথা এক বেসরকারি সংস্থার শীর্ষ কর্তা আর. প্রকাশ। দেশের বিদ্যুৎ ক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ক্রমবর্ধমান চাহিদা, আধুনিক প্রযুক্তি এবং অপ্রচলিত বা নবায়নযোগ্য শক্তির প্রসারের ফলে ভারতের বিদ্যুৎ শিল্প দ্রুত বদলে যাচ্ছে। ইলেকট্রামা এমন একটি মঞ্চ, যেখানে শিল্পপতি ও বিশেষজ্ঞেরা নিজেদের ভাবনা বিনিময় করেন এবং উদ্ভাবনী শক্তি তুলে ধরেন। এর মাধ্যমে বিশ্ব বাজারে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়।’’
আঞ্চলিক শিল্পের উন্নতির ওপর জোর দিয়ে ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ কমিটির ভাইস চেয়ারম্যান সেম্বিয়ান বালাসুব্রামানিয়ান বলেন, ‘‘একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তুলতে আঞ্চলিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। স্থানীয় বৈদ্যুতিক শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে উদ্ভাবনে উৎসাহ দেওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার উপযোগী করে তোলাই আমাদের উদ্দেশ্য।’’
কমিটির মেন্টর শ্রীধর গোখলের মতে, বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তি এবং দক্ষ বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা এই ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করছে। সমগ্র শিল্পমহলকে এক ছাতার তলায় এনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ‘ইলেকট্রামা’ বড় ভূমিকা নেবে।
শিল্পমহলের মতে, দুর্গাপুর ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে এই প্রচার কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসন্ন মেগা প্রদর্শনীর আগে স্থানীয় শিল্পোদ্যোগীদের মধ্যে সচেতনতা ও উৎসাহ বাড়াতে এই পদক্ষেপ বিশেষ সহায়ক হবে।