সঙ্কেত ডেস্ক: নির্বাচিত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M) ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য করার প্রস্তাব দীপাবলির পর কার্যকর হবে। নতুন কার্যকরী তারিখ পরে ঘোষণা করা হবে।
এর আগে আগামী ১৫ অক্টোবর থেকে এই চার্জ চালুর পরিকল্পনা ছিল। তবে উৎসবের মরসুমের কথা মাথায় রেখে UPI অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে NPCI-র বিবৃতিতে জানানো হয়েছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ২,০০০ টাকার বেশি মূল্যের UPI মার্চেন্ট লেনদেনে ০.৪ শতাংশ MDR দিতে হবে। এই চার্জের দায়ভার বহন করবেন ব্যবসায়ীরা। তবে UPI-র মাধ্যমে অর্থপ্রদানের জন্য সাধারণ গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
১৫ অক্টোবর থেকে প্রস্তাবিত চার্জ কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়া নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছিল। NPCI-র সর্বশেষ ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটল। তবে দীপাবলির পর ঠিক কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।