নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: উন্নয়নের মঞ্চ থেকেই সুকৌশলে রাজনীতির সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুর্গাপুরের অন্ডালে একটি বেসরকারি সংস্থার ৫০০ শয্যার ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি জানান। উদ্যোক্তারা হাসপাতালটি তৈরির জন্য ৩৬ মাস সময় চাইলেও, মুখ্যমন্ত্রী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ করার অনুরোধ জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই প্রকল্পটি সময়ের আগে শেষ করার বার্তা দিয়েছেন তিনি।
চারটি নতুন মেডিক্যাল কলেজ ও ‘অমৃত’ সেন্টার
এ দিনের অনুষ্ঠান থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ভিন্রাজ্যে ছুটতে হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী—
* রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ গড়া হবে, যার জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে।
* প্রতিটি সরকারি হাসপাতালে হৃদ্রোগের (হার্ট) চিকিৎসার বিশেষ ব্যবস্থা থাকবে।
* ক্যানসার-সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধির দামি ওষুধ সস্তায় জোগাতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ‘অমৃত মেডিসিন সেন্টার’ খোলা হবে।
এ ছাড়াও, নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে যে হাসপাতাল তৈরি হচ্ছে, সেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসার জন্য ১,০০০টি শয্যা সংরক্ষিত থাকছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য বিমা ও খাবারের বরাদ্দ নিয়ে আগের সরকারকে নিশানা
বক্তব্যের ছত্রে ছত্রে পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন শুভেন্দু। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। বাকি যাঁরা এই প্রকল্পে নেই, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী হেলথ স্কিম’ চালু করা হয়েছে।”
সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়েও আগের সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আগের সরকারের আমলে রোগীদের তিন বেলার খাবারের জন্য মাত্র ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ ছিল। বিধায়ক, মন্ত্রী, সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসেই তা বাড়িয়ে ১১০ টাকা করেছি।”