নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: তপ্ত রোদেও পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার দেশবন্ধু নগর মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর অভিযোগ, ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিকভাবে জিততে না পেরে এখন নির্বাচন কমিশনকেও হাতিয়ার করছে বিজেপি।
এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে আয়োজিত এই সভায় সায়নী বলেন, “বাংলার মানুষ নিজেদের অধিকার বুঝে নিতে জানে। রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় এখন কমিশনকে ব্যবহার করা হচ্ছে।” সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, বাংলার মানুষ নিজেদের অধিকার রক্ষার লড়াই লড়ছে এবং এই লড়াই জারি থাকবে।
বিজেপি নেতাদের ‘টাকা বিলি’র অভিযোগ তুলে এদিন ভোটারদের এক বিশেষ পরামর্শ দেন যুব নেত্রী। তিনি বলেন, “বিজেপি নেতারা যদি অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন, তবে আগে সেই টাকা হাতে নিন। সেই টাকা দিয়ে নিজেদের দরকারি জিনিস কিনুন, দৈনন্দিন প্রয়োজন মেটান। কিন্তু ভোট দেওয়ার সময় মাথায় রাখবেন লড়াইটা কার সঙ্গে।” সায়নী ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
এদিনের জনসভায় প্রার্থীর সমর্থনে উপস্থিত ছিলেন এক ঝাঁক হেভিওয়েট নেতৃত্ব। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক শিবদাসন দাশু এবং যুব সভাপতি পার্থ দেওয়াসী। ভোট যত এগিয়ে আসছে, শিল্পাঞ্চলের মাটিতে প্রচারের পারদ যে আরও চড়বে, রবিবারের সভাই তার ইঙ্গিত দিল।