নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই শিল্পাঞ্চলে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বেকারত্ব দূরীকরণ এবং বন্ধ কলকারখানা পুনরুজ্জীবনের একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে রবিবার দুর্গাপুরে দলের ‘শ্বেতপত্র’ প্রকাশ করল বিজেপি। এদিন ৩১ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই শ্বেতপত্র প্রকাশ করেন বর্ধমান-দুর্গাপুর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমের প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই।
শিল্পের পুনরুজ্জীবন ও লক্ষ্মীলাভের আশ্বাস
বিজেপির প্রকাশিত এই শ্বেতপত্রে মূলত কর্মসংস্থান ও বেকারত্ব মোকাবিলাকেই হাতিয়ার করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
পাশাপাশি দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া রুগ্ন শিল্প ও কলকারখানাগুলি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিতে অবৈধ উপায়ে শ্রমিক নিয়োগের যে অভিযোগ বারবার ওঠে, ক্ষমতায় এলে সেই ‘অসাধু চক্র’ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।এছাড়াও রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর ঘোষণা করা হয়েছে সংকল্প পত্রে, যার মাধ্যমে আর্থিক অনুদান পাবেন মহিলারা।
সোমবার দুর্গাপুরে শাহী সফর
শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সোমবারের মেগা ‘রোড শো’ নিয়েও চূড়ান্ত প্রস্তুতির কথা জানানো হয়। দলীয় সূত্রে খবর, স্টিল টাউনশিপের রাজেন্দ্র প্রসাদ কালী মন্দির থেকে শুরু হবে এই বর্ণাঢ্য মিছিল। চণ্ডীদাস বাজার হয়ে মার্কনি দুর্গাপুজো ময়দানের সামনে গিয়ে শেষ হবে এই রোড শো।
বিজেপি নেতৃত্বের দাবি, এই রোড শো-কে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উন্মাদনা চরমে। শাহের এই মেগা প্রচার শিল্পাঞ্চলের দুই প্রার্থীর সমর্থনে জনমতের পাল্লা ভারী করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, এই প্রতিশ্রুতির ‘শ্বেতপত্র’ আর শাহী প্রচার শেষমেশ ইভিএমে কতটুকু প্রতিফলন ঘটায়।