নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পাঁচমাথা মোড়ে অবস্থিত জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ঘটা এই দুর্ঘটনায় কার্যালয়ের দ্বিতীয় তলে মজুত থাকা বিপুল পরিমাণ দলীয় সামগ্রী ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হঠাৎই কংগ্রেস কার্যালয়ের দ্বিতীয় তলার জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি দলীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অফিসের তালা খুলতেই দেখেন, ভেতরের একটি ঘর দাউদাউ করে জ্বলছে। প্রাথমিক তথ্যানুযায়ী, দ্বিতীয় তলার যে ঘরটিতে আগুন লাগে সেখানে প্রচুর পরিমাণে দলীয় পতাকা ও ফেস্টুন, নির্বাচনী প্রচার সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র মজুত ছিল। আগুনের তীব্রতায় এই সমস্ত সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত, ঘটনার সময় কার্যালয়ের ওই অংশে কেউ না থাকায় কোনো হতাহতের খবর নেই। যদিও সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এক কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানান”অফিস খুলতেই দেখি সব শেষ হয়ে গেছে। অনেক কষ্টের তৈরি করা পতাকা, ব্যানার কিছুই অবশিষ্ট নেই। শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা দরকার।” খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক: মুহুর্মুহু তল্লাশিতে পুলিশ ও বোম স্কোয়াড পরিবেশবান্ধব পরিবহণে বড় পদক্ষেপ: দক্ষিণবঙ্গে ২০টি নতুন সিএনজি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী