নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: শিল্পোন্নয়নের লক্ষ্যে দামোদর ভ্যালি করপোরেশন-এর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ইউনিট গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে দুর্গপুরে-এ। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক জটিলতা কাটাতে বুধবার সন্ধ্যায় মহকুমা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, জেলাশাসক পুনমবালম এস সহ জেলা প্রশাসন ও ডিভিসির একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে প্রকল্পের বর্তমান অবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং দ্রুত বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প শুধু শিল্প সম্প্রসারণের জন্য নয়, পরিবেশের ভারসাম্য বজায় রেখেও এগিয়ে নেওয়া হবে। প্রকল্পের জন্য প্রায় সাত হাজার গাছ কাটতে হতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হলেও তার পরিবর্তে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু গাছ প্রতিস্থাপন এবং নতুন করে প্রায় ৩৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে খবর। বৈঠকের আগে প্রশাসনিক ভবনের সামনে এলাকার বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায়। সাংসদ কীর্তি আজাদ পৌঁছালে তাঁকে ঘিরে দ্রুত প্রকল্প সম্পন্ন করার দাবি জানান স্থানীয়রা। অনেকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে শুভেচ্ছাও জানান। প্রশাসনের আশা, সব পক্ষের সমন্বয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন ইউনিট চালু করা সম্ভব হবে। Share Post Whatsapp Share Post navigation কাঁকসায় নার্সের রহস্যমৃত্যু: বহুতলের নিচে মিলল দেহ, তদন্তে নেমেছে পুলিশ চিকিৎসা পরিষেবায় বিকেন্দ্রীকরণ জরুরি, উত্তরবঙ্গে দ্বিতীয় ‘এইমস’-এর দাবি সমীকের