নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের পারদ চড়তেই শিল্পাঞ্চলে দলবদলের হিড়িক। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষ নগর বেলতলা এলাকায় বড়সড় ধাক্কা খেল ঘাসফুল শিবির। প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করল।
এদিন দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। যোগদান কর্মসূচীকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
বিজেপি প্রার্থীর দাবি
পদ্ম পতাকা হাতে তুলে দেওয়ার পর লক্ষণ চন্দ্র ঘোড়ুই আত্মবিশ্বাসের সুরে বলেন”আমরা যে ওয়ার্ডেই যাচ্ছি, সেখানেই মানুষ তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন। আশীষ নগরের এই স্বতঃস্ফূর্ত যোগদানই বলে দিচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এটাই আসল পরিবর্তনের লক্ষণ।”
কেন এই দলবদল?
দলত্যাগী তৃণমূল কর্মীদের কণ্ঠে শোনা গেল শাসক দলের নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ। তাঁদের অভিযোগ, দলের বর্তমান নেতৃত্বের প্রতি কোনো আস্থা নেই।সরকারি ভাতা বা খয়রাতির চেয়ে বর্তমান যুব প্রজন্মের কাছে চাকরি ও কর্মসংস্থান বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের স্বার্থেই তাঁরা পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন।
তৃণমূলের পাল্টা তোপ
এদিকে, এই যোগদানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এটি বিজেপির সাজানো ‘নাটক’। জেলা নেতৃত্বের বক্তব্য “লক্ষণ ঘোড়ুই নিজের লোকজনকে জড়ো করে ঘটা করে যোগদান করিয়ে সংবাদমাধ্যমে প্রচার পেতে চাইছেন। এইভাবে ভোট বৈতরণী পার হওয়া যায় না। শেষ রক্ষা হবে না, দুর্গাপুর পশ্চিম আসনে তৃণমূলই জয়লাভ করবে।”
নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই দলবদল শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।