দুর্গাপুরে নয়া দিগন্ত: একই ছাদের তলায় ইউপিএসসি কোচিং ও বৃদ্ধাশ্রম

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: শিল্পাঞ্চলের উন্নয়নে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)। দুর্গাপুরের বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএএমসি (MAMC)-র গেস্ট হাউসে এবার গড়ে উঠতে চলেছে এক আধুনিক ইউপিএসসি কোচিং সেন্টার এবং একটি ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম। জয় বালাজি ইন্ডাস্ট্রিজ-এর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে।
আজ স্থানীয় এমএএমসি গেস্ট হাউস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর নগর নিগমের আব্দুল কালাম আজাদ ইসলাম, দুর্গপুরের মহকুমা শাসক সুমন দত্ত, জয় বালাজি ইন্ডাস্ট্রিএর কর্ণধার গৌরব জিজোডিয়া,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এর সিইও অদিতি চৌধুরী প্রমুখ।

উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রথম এমন কোনো উদ্যোগ নেওয়া হলো যেখানে একই সঙ্গে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং প্রবীণদের সেবার ব্যবস্থা থাকছে।এখানে আধুনিক পরিকাঠামোয় সাজানো সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশপাশি প্রবীণ নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় আবাসনের সুবিধা মিলবে এখানে।

বন্ধ হয়ে যাওয়া এমএএমসি টাউন্ধিপ এলাকার মানুষজন তথা আসানসোল-দুর্গাপুরের সাধারণ বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই প্রকল্পের ফলে একদিকে যেমন মেধাবী ছাত্রছাত্রীরা উপকৃত হবে, অন্যদিকে অসহায় বা একাকী প্রবীণদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয় তৈরি হবে। দীর্ঘ সময় ধরে পড়ে থাকা এমএএমসি-র সম্পদকে এভাবে জনকল্যাণে ব্যবহার করা প্রশাসনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *