পরিবেশবান্ধব পরিবহণে বড় পদক্ষেপ: দক্ষিণবঙ্গে ২০টি নতুন সিএনজি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দক্ষিণবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং পরিবেশবান্ধব করে তুলতে এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র ২০টি নতুন সিএনজি (CNG) চালিত বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেও, দুর্গাপুরের সিটি সেন্টারে এই উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মন্ডল। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই কর্মসূচিতে অংশ নেন।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের মোট ১০টি গুরুত্বপূর্ণ রুটে এই ২০টি বাস চলাচল করবে।এর মধ্যে ঝাড়গ্রাম – কলকাতা রুটে ৪টি ,বেলঘরিয়া – দীঘা রুটে ৫টি ,বেলঘরিয়া (করুণাময়ী) – আসানসোল রুটে ৪টি বর্ধমান – বাঁকুড়া রুটে ১টি ,আসানসোল – ঝিলিমিলি রুটে ১টি , পটাশপুর – করুণাময়ী রুটে ১টি, বর্ধমান – ঝাড়গ্রাম রুটে ১টি ,বর্ধমান – আসানসোল রুটে ১টি ,বেলঘরিয়া (করুণাময়ী) – বাঁকুড়া রুটে ১টি, বেলঘরিয়া – টাকি রুটে ১টি ।পেট্রোল বা ডিজেলের ক্রমবর্ধমান দাম এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই রাজ্য সরকার সিএনজি বাসের ওপর জোর দিচ্ছে। কর্মকর্তাদের মতে, এই বাসগুলি চালু হওয়ার ফলে একদিকে যেমন দূষণ কমবে, অন্যদিকে যাত্রীরাও অনেক বেশি আরামদায়ক ও আধুনিক পরিষেবা পাবেন।
জেলা শাষক ও অন্যান্য আধিকারিকরা জানিয়েছেন, এই বাসগুলি চালুর ফলে শিল্পাঞ্চল ও জঙ্গলমহলের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় হবে। বিশেষ করে দীঘা এবং কলকাতার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত অনেক সহজ হবে।
