সংবাদদাতা,আসানসোল: দীর্ঘ টানাপোড়েন ও চিরুনি তল্লাশির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেওয়া মূল অভিযুক্ত প্রতাপ দাস। শুক্রবার সকালে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন অভিযুক্ত ফের গুলি চালায় বলে দাবি পুলিশের। পাল্টা গুলিতে প্রতাপের পায়ে গুলি লাগে বলে সূত্রের খবর। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যৌথ বাহিনীর চিরুনি তল্লাশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপের খোঁজে শুক্রবার সকাল থেকেই আসানসোলের বিভিন্ন এলাকায় জোরদার অভিযান শুরু হয়। স্পেশ্যাল অপারেশন গ্রুপের পাশাপাশি আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং হিরাপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। একাধিক এলাকায় বাড়ি বাড়ি তল্লাশির পর অবশেষে একটি বাড়ি থেকে প্রতাপকে পাকড়াও করা হয়।
অভিযান চলাকালীন প্রতাপ পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে তার পায়ে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী ঘটেছিল বুধবার?
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্ত্রীকে দেখতে পশ্চিম বর্ধমানের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের গুরু নানক পল্লি এলাকার বাড়িতে এসেছিল প্রতাপ। গোপন সূত্রে সেই খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেখানে পৌঁছয়।
অভিযোগ, পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই পুলিশকর্মীদের লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালায় সে। এর পর বাড়ির পিছনের পাঁচিল টপকে পালিয়ে যায়। যদিও সে দিনের ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানিয়েছিল পুলিশ।
একাধিক মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত ছিল
তদন্তকারীদের দাবি, প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণা, খুন, ডাকাতি, বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার এবং মাদক পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি বিচারবিভাগীয় হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়েছিল সে। বুধবারের ঘটনার পর ঝাড়খণ্ড-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও তার খোঁজে সতর্কতা জারি করা হয়েছিল।
অবশেষে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তদন্তকারীরা। তবে অভিযানের সময় ঠিক কীভাবে প্রতাপের পায়ে গুলি লাগল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তার কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য মেলেনি। সাইবার প্রতারণার পুরনো মামলার পাশাপাশি পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় কী আইনি পদক্ষেপ করা হয়, এখন সে দিকেই তাকিয়ে জেলার পুলিশমহল। ঘটনার তদন্ত জারি রয়েছে।