বাংলায় প্রার্থী হতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী , জল্পনায় বাঘমুন্ডি

সঙ্কেত ডেস্ক: ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) প্রধান সুদেশ মাহাতো কি এবার বাংলার ভোটে প্রার্থী হতে চলেছেন? পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র ঘিরে এমনই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।

ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টি–র জোটসঙ্গী আজসু। সূত্রের দাবি, জোটগত সমীকরণের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বাঘমুন্ডি আসনটি এবারও আজসুকে ছেড়ে দিতে পারে বিজেপি। আর সেই কেন্দ্র থেকেই লড়াই করতে পারেন সুদেশ মাহাতো। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বাঘমুন্ডি আসনটি আজসুকে ছেড়েছিল বিজেপি। সেই নির্বাচনে আজসু দ্বিতীয় স্থানে ছিল। তবে সে সময় অভিযোগ উঠেছিল, বিজেপির একাংশের অসহযোগিতার জেরে আজসুর ফল খারাপ হয়। এবার সেই পরিস্থিতি বদলাতে চাইছে জোটশিবির।

রিপোর্ট অনুযায়ী, আজসু বাংলায় দুটি আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিল। বাঘমুন্ডির পাশাপাশি বান্দোয়ানও তাদের নজরে ছিল। তবে শেষ পর্যন্ত একটি আসন ছাড়তেই নাকি রাজি হয়েছে বিজেপি নেতৃত্ব।

ভোটার তালিকা নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন এলাকার একটি বুথে সুদেশ মাহাতোর নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে। সম্প্রতি তুলিন ও বাঘমুন্ডিতে ধারাবাহিক কর্মীসভা করেছেন তিনি। সূত্রের দাবি, ২০২১ সালের অগস্ট থেকেই নিয়মিত এই এলাকায় যাতায়াত শুরু করেন আজসু প্রধান।

উল্লেখ্য, সুদেশ মাহাতোর বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি জেলার সিল্লি অঞ্চলে। ঝাড়খণ্ড আন্দোলনের সময় থেকেই পুরুলিয়ার ঝালদা, বাঘমুন্ডি ও কোটশিলায় তাঁর যোগাযোগ রয়েছে। কুড়মি অধ্যুষিত এই এলাকায় আজসুর সাংগঠনিক প্রভাবও যথেষ্ট বলেই মনে করা হচ্ছে।

প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুদেশ মাহাতো বলেন, জোটের হয়ে দল লড়বে, প্রস্তুতি চলছে। অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছে, প্রার্থী ঠিক করবে দলই, নির্দেশ মেনে চলবেন কর্মীরা।

সব মিলিয়ে, বাংলার মাটিতে ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সম্ভাব্য প্রার্থী হওয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন নজর চূড়ান্ত ঘোষণার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *