রানিগঞ্জে আবর্জনার স্তূপে মিলল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, চাঞ্চল্য শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: ছাব্বিশের মহারণের দামামা বাজতে এখনও বাকি। তবে তার আগেই বাংলায় শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। আর এই আবহের মধ্যেই রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় এলাকায় আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলি আসল না কি ভুয়ো, তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় চিনকুটি মোড় সংলগ্ন একটি ডাস্টবিনে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ এবং সমস্ত কার্ডগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া কার্ডগুলি খতিয়ে দেখা হচ্ছে। এগুলি পুরোনো বাতিল করা কার্ড না কি জাল নথির অংশ, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
এর মধ্যেই এক স্থানীয় যুবক দাবি করেন যে, উদ্ধার হওয়া স্তূপের মধ্যে তাঁর নাম ও ছবির ভোটার কার্ডও রয়েছে। ওই যুবকের দাবি তাঁর আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে। তিনি কাউকে কখনও কার্ড ব্যবহার করতে দেননি। ভাইয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিনি নিজের হুবহু একই রকম কার্ড দেখে স্তম্ভিত হয়ে যান।এই দাবি সামনে আসতেই প্রশ্ন উঠছে— তবে কি উদ্ধার হওয়া কার্ডগুলি সব ভুয়ো ? না কি কোনো অসাধু চক্র ভোটারদের অজান্তেই তাঁদের তথ্যের প্রতিলিপি তৈরি করছে?

বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল। তাঁর বক্তব্য, “রাজ্যজুড়ে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন ডাস্টবিনে এত কার্ড এল কীভাবে? এটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।”

উল্লেখ্য, ইতিপূর্বেও সল্টলেক বা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একই ভাবে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনাটি ভোটাধিকারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *