নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড-শো শেষ হতে না হতেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল শিল্পশহর দুর্গাপুর। সোমবার বিকেলে দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। হাতাহাতি এবং মারধরের জেরে দু’পক্ষের অন্তত দু’জন কর্মী গুরুতর জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে খবর, অমিত শাহর কর্মসূচি শেষ হওয়ার ঠিক পরেই বাঁকুড়া মোড় এলাকায় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যেই সেই কথাকাটাকাটি হাতাহাতির রূপ নেয়। লাঠি ও রড নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষই। দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
হাসপাতালে যুযুধান দুই প্রার্থী
সংঘর্ষের খবর পেয়েই আহত কর্মীদের দেখতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছোটেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং তৃণমূল প্রার্থী কবি দত্ত। হাসপাতাল চত্বরেও দুই শিবিরের কর্মীদের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হয়।
পাল্টাপাল্টি অভিযোগ
বিজেপির দাবি, তাঁদের কর্মী রবি দাস অমিত শাহর রোড-শোতে যোগ দিয়েছিলেন। সেই ‘অপরাধেই’ তৃণমূলের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। লক্ষণ ঘোড়ুই ক্ষোভ উগরে দিয়ে বলেন, “তৃণমূল পরাজয় নিশ্চিত জেনে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। আমাদের কর্মীদের ওপর কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে।”অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির। তৃণমূল প্রার্থী কবি দত্ত পালটা দাবি করেন, বিজেপিই পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“অশান্তির আগুন জ্বালানো খুব সহজ, কিন্তু তা নেভানো কঠিন। পরাজয় বুঝেই বিজেপি উত্তেজনা তৈরি করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।”
নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। নির্বাচনের আগে শিল্পাঞ্চলের এই রক্তক্ষয়ী সংঘর্ষ ফের একবার রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল কয়েক গুণ।