নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভোটের ময়দানে কেউ আসেন জনজোয়ার নিয়ে, কেউ বা শক্তির আস্ফালন দেখিয়ে। কিন্তু দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তরুণ রায় বেছে নিলেন এক সম্পূর্ণ ব্যতিক্রমী পথ। শনিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে যখন তিনি মনোনয়ন পত্র দাখিল করতে পৌঁছলেন, তাঁর হাতে ধরা ছিল ভারতের সংবিধানের একটি প্রতিলিপি।
প্রথাগত রাজনৈতিক স্লোগানের চেয়েও এদিন তরুণের ‘প্রতীকী’ প্রতিবাদ এবং বার্তা নজর কেড়েছে শিল্পশহরের রাজনৈতিক মহলে। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আজ সঙ্কটে। আর এই অধিকার রক্ষার একমাত্র ঢাল হলো আম্বেদকরের তৈরি সংবিধান।
তরুণ রায়ের কথায়, “দুর্গাপুরকে রক্ষা করতে হলে সংবিধানের মূল আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অটুট রাখা জরুরি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংবিধানই শেষ কথা বলে। আমি এই সংবিধান হাতে নিয়ে মনোনয়ন জমা দিয়ে মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছি— লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা অস্তিত্ব ও আইনি রক্ষাকবচ বাঁচানোর।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক ও বিরোধী শিবিরের যুযুধান লড়াইয়ের আবহে সংবিধানকে সামনে রেখে তরুণের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষত, যখন দেশজুড়ে সংবিধান বদল বা গণতান্ত্রিক কাঠামো নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন শিল্পাঞ্চলের এক প্রার্থীর এই ‘সংবিধান-বন্দনা’ শিক্ষিত ও সচেতন ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।