নিজস্ব প্রতিবেদন, দিল্লি: দেশজুড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রবল বিক্ষোভ এবং রাজনৈতিক টানাপড়েনের মুখে অবশেষে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬-এর পরীক্ষা বাতিল ঘোষণা করে শুক্রবার জানানো হয়েছে যে, আগামী ২১ জুন দেশজুড়ে পুনরায় এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ খতিয়ে দেখার পর কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মেলা মাত্রই এই কড়া পদক্ষেপ করেছে এনটিএ। সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি বার্তায় পরীক্ষার্থী ও তাঁদের পরিবারকে কোনো গুজবে কান না দিয়ে কেবল সরকারি বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখার আবেদন জানানো হয়েছে। এর ফলে দেশের প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীকে আবারও কঠিন লড়াইয়ের ময়দানে বসতে হচ্ছে। গত ৩ মে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ছাত্র আন্দোলন ও বিরোধী দলগুলির প্রবল চাপের মুখে বৃহস্পতিবার রাতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই বৈঠকের পরেই তিনি স্বীকার করে নেন যে, পরীক্ষার প্রায় ৪৫ ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাচার করা হয়েছিল এবং তা ‘মডেল পেপার’ হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মহলে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, প্রায় ৪১০টি প্রশ্নের একটি নথি পরীক্ষার প্রায় এক মাস আগে থেকেই বিভিন্ন গোপন গ্রুপে ঘুরপাক খাচ্ছিল। শিক্ষা মাফিয়াদের এই দৌরাত্ম্য রুখতে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষা করাই সরকারের প্রাথমিক লক্ষ্য। কোনোভাবেই অযোগ্য কাউকে অনৈতিক উপায়ে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হবে না। পুরো ঘটনাটির শিকড় খুঁজতে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। রাধাকৃষ্ণন কমিটির একাধিক নিরাপত্তা সুপারিশ থাকা সত্ত্বেও ঠিক কোন স্তরে গাফিলতি হয়েছিল, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং জানিয়েছেন যে, গত ৭ মে তাঁরা প্রথম প্রশ্নফাঁসের খবর পান এবং তার সত্যতা যাচাইয়ের পরেই ৩ মে-র পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের জালিয়াতি রুখতে আগামী বছর থেকে নিট পরীক্ষা পুরোপুরি কম্পিউটার নির্ভর বা সিবিটি পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছে কেন্দ্র। আপাতত ২১ জুনের পরীক্ষা যাতে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়, তার জন্য দেশজুড়ে প্রশাসনকে কোমর বেঁধে নামার নির্দেশ দেওয়া হয়েছে। Share Post Whatsapp Share Post navigation ইস্পাত নগরীর মুকুটে নয়া পালক, নবম হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর অভিমন্যু