নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভোটের বাদ্যি বেজে গিয়েছে আগেই, এবার লড়াই গড়াল প্রশাসনিক দপ্তরে। বুধবার একই দিনে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র দাখিল করলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী— বিজেপির জিতেন্দ্র তেওয়ারি এবং তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী। ২৩ এপ্রিলের অগ্নিপরীক্ষার আগে এদিন দুর্গাপুর চত্বর কার্যত যুযুধান দুই শিবিরের শক্ত প্রদর্শনের ময়দান হয়ে উঠল।
দুই প্রার্থীর জনস্রোত
এদিন সকাল থেকেই দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সামনে সাজ সাজ রব। বর্ণাঢ্য মিছিল করে সপার্ষদ হাজির হন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। গেরুয়া আবিরে উন্মাদনা ছড়িয়ে কর্মী-সমর্থকদের বিশাল মিছিল নিয়ে মনোনয়ন জমা দেন তিনি। একই দিনে সবুজ আবির আর স্লোগানে এলাকা কাঁপিয়ে মনোনয়ন দিতে পৌঁছান তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়।
যুযুধান দুই শিবির
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন দুই প্রার্থীই। বিজেপি শিবিরের দাবি,সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে যে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি,পাণ্ডবেশ্বরের মানুষ উন্নয়নের পাশেই আছেন, আর সেটা ব্যালট বক্সেই প্রমাণিত হবে।
ভোট ঘড়ি
নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, পাণ্ডবেশ্বরে ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল। এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত ফলাফল জানা যাবে ৫ মে।প্রশাসনিক সূত্রে খবর, দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মহকুমা শাসকের দফতরের বাইরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। তবে রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে এদিনের মনোনয়ন পর্ব ছিল মূলত দুই দলেরই শক্তি প্রদর্শনের অন্যতম মাধ্যম।