নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভোটের ময়দানে লড়াই তো আছেই, কিন্তু রবিবাসরীয় সকালে জন সংযোগের মেজাজ বদলে সরাসরি ফুটবল মাঠে নেমে পড়লেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের নির্বাচনী স্লোগান ‘খেলা হবে’-কে কার্যত অক্ষরে অক্ষরে পালন করে এদিন জেমুয়া এলাকায় ফুটবল পায়ে দেখা গেল তাঁকে। প্রার্থীর এই ‘স্পোর্টিং’ মেজাজ ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে তৈরি হয় বাড়তি উন্মাদনা।
এদিন সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে জেমুয়া অঞ্চলে বাড়ি বাড়ি প্রচার সারছিলেন নরেন্দ্রনাথবাবু। জনসংযোগের মাঝেই স্থানীয় একটি মাঠে একদল যুবককে ফুটবল খেলতে দেখে থমকে দাঁড়ান তিনি। এরপর আর দেরি না করে নেমে পড়েন খেলার মাঠে। বেশ কিছুক্ষণ যুবকদের সঙ্গে ফুটবল পায়ে দৌড়তেও দেখা যায় তাঁকে। প্রচারের চেনা ছকের বাইরে প্রার্থীর এই হঠাৎ ফুটবল প্রেম দেখে থমকে দাঁড়ান পথচারীরাও।
তৃণমূল শিবিরের দাবি, জনসংযোগ মানে শুধু ভোট চাওয়া নয়, মানুষের সঙ্গে মিশে যাওয়া। আর সেই লক্ষ্যেই প্রার্থীর এই ফুটবল কূটনীতি। স্থানীয়দের মতে, রাজনৈতিক বাগ্যুদ্ধ আর চড়া রোদ উপেক্ষা করে নরেন্দ্রনাথবাবুর এই মেঠো লড়াই প্রচারে এক অন্য মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে রবিবারের সকালে জেমুয়া চত্বরে রাজনীতির ময়দান আর খেলার মাঠ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।