সঙ্কেত ডেস্ক: রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের মুখে বড় ধাক্কা খেলেন কয়েক লক্ষ আবেদনকারী। নাম নথিভুক্তকরণের আবেদন আপিল ট্রাইবুনালে ঝুলে থাকলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, ট্রাইবুনালের আবেদনকারীদের এখনই ভোট দেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে ভোট চলাকালীন বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আইনি লড়াই ও বিচারপতিদের পর্যবেক্ষণ
সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) মামলার শুনানি চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, ট্রাইবুনালে প্রায় ১৬ লক্ষ আবেদন জমা পড়ে আছে। তাঁদের ভোটদানের অধিকার দেওয়া হোক। কিন্তু ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বলেন,“সেটার কোনও প্রশ্নই ওঠে না। আমরা যদি সেই অনুমতি দিই, তাহলে যাঁদের নাম ইতিমধ্যেই তালিকায় আছে, তাঁদের অধিকার স্থগিত করে দিতে হবে। আমরা ট্রাইবুনালের বিচারকদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারি না। ডিভিশন বেঞ্চের অন্য সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট অনুযায়ী এই আবেদনের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ।
কোর্টরুমে তপ্ত মেজাজ
শুনানি চলাকালীনই রাজনৈতিক তরজা পৌঁছয় শীর্ষ আদালতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন, “বাংলার মানুষ আদালতের দিকে তাকিয়ে আছেন,” তখন পাল্টা সুর চড়ান আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তিনি দাবি করেন, বাংলার জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে এবং এটি‘অনুপ্রবেশকারীদের’ সুরক্ষা দেওয়ার চেষ্টা। এর জবাবে কল্যাণবাবুর হুঁশিয়ারি, “পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবেন না, বাংলা লড়তে জানে।”
জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা
নির্বাচনের আবহে বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে,নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি-কে এই মর্মে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনওভাবেই বিচারকদের নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না।
নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের ভোট দিতে না পারার এই আইনি জট এবং বিচারকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম নির্দেশ নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।