নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:দুর্গাপুরে নারী সুরক্ষা জোরদার করতে অভিনব উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় দূরপাল্লার একাধিক বাসে উঠে মহিলা যাত্রীদের হাতে বিশেষ হেল্পলাইন নম্বর তুলে দেন ট্রাফিক পুলিশ আধিকারিকরা। এই উদ্যোগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।
এদিন মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক-সহ অন্যান্য পুলিশকর্মীরা সরাসরি বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে হেল্পলাইন নম্বর লেখা কার্ড দিয়ে জানানো হয়, যাত্রাপথে কোনও সমস্যা হলে বা নিজেকে অসুরক্ষিত মনে করলে সঙ্গে সঙ্গে ওই নম্বরে ফোন করতে পারবেন। দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার বাসে যাতায়াতের সময় অনেক মহিলাই নানা অসুবিধা বা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মুখে পড়েন। সেই বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর দেওয়ার পাশাপাশি যাত্রীদের সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়েও বিস্তারিতভাবে বোঝানো হয়।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসযাত্রীরা। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ নিয়মিত হলে মহিলাদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।