কলকাতায় ফিট ইন্ডিয়া সানডেজ অন সইকেল, সাই ক্যাম্পাসে তারকাখচিত আয়োজন

সংবাদদাতা,কলকাতা, ২৭ ডিসেম্বর: আনন্দের শহর কলকাতায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের ৫৪তম সংস্করণ। ২০২৫ সালের ক্যালেন্ডার বছরে দেশজুড়ে এই ফিটনেস আন্দোলনের এটি হবে চূড়ান্ত সংস্করণ।

বছর শেষের এই বিশেষ আয়োজনটি সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য, খেলাধুলা এবং সক্রিয় জীবনযাপনের বার্তাকে সামনে রেখে এই অনুষ্ঠানে একত্রিত হবেন ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ মানুষ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চারবারের অলিম্পিয়ান ও প্রাক্তন বিশ্বসেরা তীরন্দাজ, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দীপিকা কুমারী। তাঁর সঙ্গে থাকবেন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত অতনু দাস, রাহুল ব্যানার্জি, বোম্বাইলা দেবী লাইশরাম এবং মঙ্গল সিং চ্যাম্পিয়া। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেবেন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার, অ্যাথলেটিক্সে অর্জুন পুরস্কারপ্রাপ্ত সুস্মিতা সিংহ রায় এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ডঃ কুন্তল রায়।

সাইক্লিং ড্রাইভের পাশাপাশি এই বিশেষ দিনে থাকছে ফিটনেস সেশন, জুম্বা, রোপ স্কিপিং, যোগব্যায়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসাধারণের অংশগ্রহণে নানা কার্যক্রম। আয়োজকদের আশা, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই সকালের সাইকেল রাইডে অংশ নেবেন, যা ফিটনেস অভ্যাস গড়ে তোলার পাশাপাশি টেকসই জীবনধারা হিসেবে সাইক্লিংয়ের প্রতি কলকাতাবাসীর বাড়তে থাকা আগ্রহকে আরও জোরদার করবে।

কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে একযোগে ১০,০০০টিরও বেশি স্থানে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল আয়োজিত হবে। বিশেষ করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া কেন্দ্রগুলিতে এই কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়ার উদ্যোগে ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল আজ একটি জন-চালিত আন্দোলনে পরিণত হয়েছে। এই উদ্যোগ নাগরিকদের সাপ্তাহিক রুটিনে ফিটনেসকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ গতিশীলতাকে উৎসাহিত করছে। এখন পর্যন্ত দেশজুড়ে ২ লক্ষেরও বেশি স্থানে প্রায় ২০ লক্ষ মানুষ এতে অংশ নিয়েছেন।

২০২৫ সালের চূড়ান্ত সংস্করণ হিসেবে কলকাতার এই অধ্যায়টি ক্রীড়া শ্রেষ্ঠত্ব, সম্প্রদায়ের অংশগ্রহণ এবং “ফিটনেস কা ডোজ, আধা ঘন্টা রোজ”—এই বার্তাকে একত্রিত করে একটি প্রতীকী পূর্ণচক্রের প্রতিনিধিত্ব করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *