নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বিধানসভা ভোটের দামামা বাজতেই শিল্পাঞ্চলের রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পর আর সময় নষ্ট করতে নারাজ জাতীয় কংগ্রেস। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে দলের বাজি দেবেশ চক্রবর্তী। সোমবার সকালেই রীতিমতো ‘অ্যাকশন মোডে’ ধরা দিলেন তিনি।
মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের শুরু
সপ্তাহের প্রথম দিনেই দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি সংলগ্ন লোকনাথ বাবার মন্দিরে পুজো দেন দেবেশবাবু। আধ্যাত্মিক আবহে আশীর্বাদ নিয়ে সরাসরি নেমে পড়েন নির্বাচনী ময়দানে। এরপর ধোবি ঘাট এলাকায় চলে তাঁর নিবিড় জনসংযোগ। সাতসকালে ঘরের দোরগোড়ায় কংগ্রেস প্রার্থীকে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কৌতূহল চোখে পড়ে।
বিধায়ককে তোপ: লক্ষ্য ‘উন্নয়ন’
এদিন জনসংযোগের মাঝেই বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবেশ চক্রবর্তী। এলাকার বেহাল দশা তুলে ধরে তাঁর সরাসরি তোপ,“বিগত পাঁচ বছরে এই এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। যে রাস্তা দিয়ে আমি আজ হাঁটছি, তার কঙ্কালসার অবস্থা দেখলেই বোঝা যায় সাধারণ মানুষ কতটা বঞ্চিত।”
পরিবর্তনের অঙ্গীকার
এলাকার মানুষের কাছে পরিবর্তনের আর্জি জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকার পরিকাঠামো ভোল বদলে দেবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের ফলের নিরিখে দুর্গাপুর শিল্পাঞ্চলে ঘাসফুল বনাম গেরুয়া শিবিরের লড়াই যখন তুঙ্গে, তখন স্থানীয় ইস্যু আর ‘উন্নয়নহীনতা’কে হাতিয়ার করে বাম-কংগ্রেস জোটের জমি শক্ত করতে মরিয়া দেবেশবাবু।এখন দেখার, ধোবি ঘাটের অলিগলি থেকে উঠে আসা এই ক্ষোভ ব্যালট বক্সে কতটা প্রতিফলিত হয়।